বর্বর হত্যাকাণ্ডের সাক্ষী সোহাগপুরের বিধবাপল্লি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একাত্তরের গণহত্যা
একাত্তরের গণহত্যা

শেরপুরের নালিতাবাড়ী উপজেলা সদর থেকে আট কিলোমিটার দূরে সরু আঁকাবাঁকা পথ ধরে গেলে কাকরকান্দি ইউনিয়নের নিভৃত পল্লি সোহাগপুর। ১৯৭১ সালের ২৫ জুলাই এই গ্রামে ঘটে নারকীয় এক হত্যাযজ্ঞ। নৃশংসতার যে ইতিহাস সেদিন সৃষ্টি হয়েছিল, তা কোনো দিন ভুলতে পারবে না সোহাগপুরবাসী।
সেদিনের হত্যাকাণ্ডে প্রাণ দিয়েছিলেন গ্রামের ১৮৭ জন নিরস্ত্র অসহায় মানুষ। নির্যাতনের শিকার হন অনেক নারী। বেনুপাড়ার সব পুরুষকে মেরে ফেলা হয় বলে স্বাধীনতার পর সেই পাড়ার নাম হয়ে যায় ‘বিধবাপল্লি’। সেদিনের বিভীষিকার সাক্ষী হয়ে আজও বেঁচে আছেন ৩০ জন বিধবা। সম্প্রতি ওই গ্রামে গিয়ে কথা হলো সেদিনের প্রত্যক্ষদর্শী কয়েকজন গ্রামবাসী, শহীদ পরিবারের সন্তান, কয়েকজন বিধবা ও নারী মুক্তিযোদ্ধার সঙ্গে।
সোহাগপুর গ্রামে মুক্তিযোদ্ধাদের অবাধ চলাচল ছিল। গ্রামবাসীর বিরুদ্ধে অভিযোগ, তাঁরা মুক্তিযোদ্ধাদের আশ্রয় দিচ্ছেন। ২৫ জুলাই মঙ্গলবার ভোর সাড়ে ছয়টার দিকে দেশীয় রাজাকার ও পাকিস্তানি হানাদারদের এক থেকে দেড় শতাধিক সদস্যের তিনটি দল অস্ত্রসহ সোহাগপুর গ্রামটিকে ঘিরে ফেলে। গ্রামবাসী কিছু বুঝে ওঠার আগেই শুরু হয় তাণ্ডব। তিন ঘণ্টা ধরে বাড়ি বাড়ি গিয়ে নির্বিচারে গুলি করে পুরুষদের হত্যা করতে শুরু করে হানাদারেরা। অনেক বাড়িতে ভয়ে মাটি খুঁড়ে নিহত ব্যক্তিদের কবর দেয় স্বজনেরা। এ ছাড়া গ্রামের তিনটি স্থানে গণকবর দেওয়া হয়।
সেই হত্যাযজ্ঞের সাক্ষী বেনুপাড়ার মো. শাহাব উদ্দিন (৭৫) বলেন, ‘গরম বালুর মধ্যে যেমনে মানুষ মুড়ি ভাজে, ঠিক সেইভাবে পাক বাহিনী গ্রামে ঢুইকা গুলি ফুটাইছে। গ্রামবাসীরে যেখানে পাইছে, সেইখানেই গুলি করে হত্যা করছে। সেই সময় পালায় রক্ষা পাইছিলাম।’
সোহাগপুর গ্রামের নারী মুক্তিযোদ্ধা সমলা বেওয়া (৭৫) বলেন, ‘সেই দিনের স্মৃতি সব সুমু চোখের সামনে ভাসে। আমার স্বামী সিরাজ আলী পাকবাহিনীর কাছে জুর আত কইরা জীবন রক্ষার লাইগা অনুরোধ করছে। তারা ছাড়ছে না। ঘর থাইকা বাইর কইরা বুকে আর পেটে গুলি করছে। আমগর পরিবারে পাঁচজনরে একইভাবে মারছে। ভয়ে ভয়ে রাইতের বেলায় বাড়ির সামনে গুছুল ছাড়া পুরান কাপড়, মশারির কাপড় দিয়া এক কবরে তিনজনরে মাডি দিছি। রাইতেই পলাইয়া বাপের বাড়িতে চইলা গেছি।’ বলে শাড়ির আঁচল দিয়ে দুই চোখ মুছতে থাকেন সমলা বেওয়া।
সোহাগপুর বিধবাপল্লি কল্যাণ সমিতির সভাপতি মো. জালাল উদ্দিন (৬০) বলেন, সেই দিন তাঁর বাবাসহ পরিবারে সাত সদস্যকে হত্যা করা হয়। স্থানীয় রাজাকার আবদুল কাদির আকন্দের সহযোগিতায় জামায়েতের সেক্রেটারি কামারুজ্জামানের নেতৃত্বে ২৫ জুলাই সোহাগপুরে চলে এ গণহত্যা। সেই দিনের স্মৃতি একটা দুঃস্বপ্নের মতো। রাতের আঁধারে মই দিয়ে রাশ টেনে নিয়ে গণকবর দিয়েছেন তাঁরা।
একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের বিরুদ্ধে সাতটি অভিযোগের মধ্যে তৃতীয় অভিযোগ ছিল সোহাগপুরে হত্যাযজ্ঞ ও ধর্ষণ। অভিযোগ প্রমাণিত হওয়ায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে-২ তাঁকে মৃত্যুদণ্ড দেন। ২০১৫ সালের ১১ এপ্রিল ঢাকা কেন্দ্রীয় কারাগারে তাঁর ফাঁসি কার্যকর হয়। তবে স্থানীয়ভাবে এ গণহত্যায় ১৮৭ জন নিহত হওয়ার কথা বলা হলেও ট্রাইব্যুনালে অভিযোগপত্রে সোহাগপুরে ১৪৪ জনকে হত্যার কথা উল্লেখ করা হয়েছে।