বর্বরতার খেসারত দিতে হবে আ.লীগকে: ফখরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘একদলীয় বাকশালী শাসনের পরিণতি কী হয় তা হয়তো আওয়ামী লীগের স্মৃতি থেকে মুছে গেছে। জনগণের ওপর নিরন্তর পৈশাচিক আক্রমণ ও বর্বরতার খেসারত আওয়ামী লীগকে শিগগিরই দিতে হবে।’
গতকাল রোববার এক বিবৃতিতে মির্জা ফখরুল এ কথা বলেন। দলের যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমানকে কারাগারে পাঠানোর নিন্দা জানিয়ে ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘অবৈধ সরকারের নির্মম এবং স্বেচ্ছাচারিতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে দেশবাসী যখন সোচ্চার তখন তারা আরও বেপরোয়া ও উন্মত্ত হয়ে উঠেছে। হাইকোর্ট থেকে জামিন পাবার পরও নিম্ন আদালত কর্তৃক জামিন বাতিল করে আমানকে কারাগারে প্রেরণের মাধ্যমে সরকার তাঁর গণবিরোধী রূপকে আরও তীব্রতর করল।’
মির্জা ফখরুল বলেন, ‘বিরোধী দলের ওপর পাশবিক আক্রমণ চালিয়ে চিরকাল ক্ষমতা আঁকড়ে রাখার লক্ষ্যে সরকারের অদূরদর্শী ও ন্যক্কারজনক সকল কর্মকাণ্ডের বিরুদ্ধে দেশের জনগণ এখন ঐক্যবদ্ধ। জনগণের আন্দোলনের জোয়ারেই এই অবৈধ সরকারের বিদায় নিশ্চিত হবে।’ তিনি অবিলম্বে আমানের মুক্তির দাবি জানান।