বর্বরতার শিকার হাসনা মারা গেছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যৌতুকলোভীদের বর্বরতার শিকার মৌলভীবাজারের জুড়ী উপজেলার বিরইনতলা গ্রামের হাসনা বেগম (২৫) গতকাল সোমবার সকালে পার্শ্ববর্তী বড়লেখা উপজেলার গাজিটেকা গ্রামে বাবার বাড়িতে মারা গেছেন। নিহত হাসনা বেগমের স্বজনদের অভিযোগ, জুড়ী থানায় দেওয়া আগের এজাহারকে পুলিশ এখনো রেকর্ড করেনি।এ বিষয়ে জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল আমিন বলেন, প্রাথমিক তদন্তে আগের অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। হাসনা আত্মহত্যার চেষ্টা করেছিল বলে তদন্তে জানা গিয়েছিল। এখন এজাহার পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওবা হবে।স্বজনদের সূত্রে জানা গেছে, ২ ফেব্রুয়ারি হাসনা বেগমের স্বামী আবদুর রব (৩৫) ও তাঁর পরিবারের কয়েকজন হাসনার হাত-পা দড়ি দিয়ে বেঁধে তাঁর গায়ে কেরোসিন ঢেলে পুড়িয়ে মারার চেষ্টা করেন। পরে গুরুতর আহত অবস্থায় ওই দিনই তাঁকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে পরদিন সকালে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়। সেখানে তিনি ১০ দিন চিকিত্সাধীন ছিলেন। কিন্তু আর্থিক অনটনের কারণে গত শনিবার বিকেলে স্বজনেরা তাঁকে বাড়িতে নিয়ে আসে।এর আগে পুড়িয়ে মারার চেষ্টার ঘটনায় হাসনার ছোট ভাই কয়েছ আহমদ ৫ ফেব্রুয়ারি হাসনার স্বামী আবদুর রব, ভাশুর আবদুর রউফ, রউফের স্ত্রী লায়লা বেগম, প্রতিবেশী রিপা বেগম, ইলিয়াছ আলী, ইউনুছ আলী ও বাদশা মিয়াকে আসামি করে জুড়ী থানায় একটি লিখিত এজাহার দেন। স্থানীয় ও প্রতিবেশীদের সূত্রে জানা গেছে, সাত-আট দিন ধরে ফুলতলার বিরইনতলা গ্রামে হাসনার শ্বশুরবাড়িতে তালা ঝুলছে।