বর্ষণ ও ধর্মীয় উৎসবমুখর পরিবেশে প্রতিমা বিসর্জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিজয়া দশমীর দিন গতকাল ঠাকুরগাঁওয়ের টাঙন নদের ঘাটে বসেছে মেলা। মেলায় শিশুরা মাটির খেলনা কিনছে l ছবি: প্রথম আলো
বিজয়া দশমীর দিন গতকাল ঠাকুরগাঁওয়ের টাঙন নদের ঘাটে বসেছে মেলা। মেলায় শিশুরা মাটির খেলনা কিনছে l ছবি: প্রথম আলো

দিনাজপুরে বর্ষণমুখর পরিবেশে গতকাল মঙ্গলবার সনাতন ধর্মাবলম্বীরা পুনর্ভবা নদীতে দুর্গাপ্রতিমা বিসর্জন দিয়েছে। একই দিন যথাযোগ্য ধর্মীয় উৎসবমুখর পরিবেশে ঠাকুরগাঁওয়ের টাঙন নদের ঘাটে প্রতিমা বিসর্জন দেওয়া হয়।
বিসর্জন উপলক্ষে দিনাজপুর শহরের গণেশতলা মডার্ন মোড়ে বিসর্জন মঞ্চ তৈরি করা হয়। পাঁচ দিনব্যাপী দুর্গোৎসব শেষে গতকাল বিকেল থেকে এখানে নারী-পুরুষ ও শিশুরা জড়ো হতে শুরু করে। মণ্ডপের কর্মীরা বিভিন্ন মহল্লা থেকে এখানে আনা ৩৭টি প্রতিমা শোভাযাত্রাসহ ঘাসিপাড়া, বালুয়াডাঙ্গা হয়ে শহরের পশ্চিম প্রান্তে পুনর্ভবা নদীর সাধুর ঘাটে নিয়ে যান। সেখানে শেষবারের মতো পূজা অর্চনা শেষে দুর্গা দেবী ছাড়াও লক্ষ্মী, সরস্বতী, গণেশ, কার্তিকসহ সব প্রতিমা বিসর্জন দেওয়া হয়। বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত থেমে থেমে বৃষ্টি হয়।
দিনাজপুর সদর আসনের সাংসদ ও জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, জেলা প্রশাসক মীর খায়রুল আলম, পুলিশ সুপার (এসপি) হামিদুল আলম, প্রেসক্লাবের সভাপতি চিত্ত ঘোষ, সর্বজনীন দুর্গাপূজা উদযাপন কমিটির সভাপতি পরিমল চক্রবর্তী, পরমাণু চিকিৎসা ও আলট্রা সাউন্ড সেন্টারের পরিচালক বি কে বোসসহ বিশিষ্টজনেরা বিসর্জন যাত্রায় অংশ নেন এবং ভক্তদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য দেন।
এদিকে ঠাকুরগাঁওয়ে গতকাল বিকেল থেকে বিজয়া দশমীর শোভাযাত্রা নিয়ে ভক্তরা টাঙন নদের ঘাটে জড়ো হতে থাকেন। সেখানে শিশুদের খেলনা, কুটির ও মৃৎশিল্প, তৈজস, দেশীয় ঐতিহ্যবাহী পণ্যের দোকানসহ মেলা বসে। সেখানে ধর্মনির্বিশেষে নানা শ্রেণি-পেশার মানুষ যোগ দেন।
বিকেলে ঘাটে গিয়ে দেখা যায়, শহরের বিভিন্ন পূজামণ্ডপ থেকে শোভাযাত্রা করে প্রতিমা নিয়ে জড়ো হচ্ছেন ভক্তরা। প্রতিমাগুলো রাখা হচ্ছে নির্দিষ্ট স্থানে। বিসর্জন দিতে আসা ভক্তরা ঢাকের বাজনার তালে তালে নাচছেন। মেলার পাশের এলাকার বাসিন্দা আবদুল মুবিন বলেন, অনেক বছর ধরে টাঙন নদের তীরে দুর্গাপ্রতিমা বিসর্জনের দিন মেলা বসে। কালক্রমে এটা শহরের সব শ্রেণির মানুষের মিলনমেলায় রূপান্তরিত হয়েছে।
ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা সুস্মিতা রায় দুই ছেলেকে নিয়ে মেলায় মাটির খেলনা কিনতে এসেছেন। তিনি বলেন, প্রতিবছর এ সময় পরিচিত ব্যক্তিদের সঙ্গে এই মেলায় মিলিত হওয়া সহজ। সেই সঙ্গে বাচ্চাদেরও বিনোদনের ব্যবস্থা হয়ে যায়।
সদর উপজেলার শিবগঞ্জ এলাকার ধনি রাম মাটির তৈরি খেলনার পসরা নিয়ে বসেছেন। তিনি বলেন, ‘১৫ বছর ধরে দশমীর দিন এই মেলায় মাটির খেলনা বিক্রির জন্য নিয়ে আসি। বিক্রিও বেশ ভালো হয়।’