বর্ষণে কোটালীপাড়ায় ২২০ হেক্টর জমির তরমুজ নষ্ট
কয়েক দিনের প্রবল বর্ষণ ও জোয়ারের পানিতে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কমপক্ষে ২২০ হেক্টর জমির তরমুজ পুরোপুরি নষ্ট হয়ে গেছে। আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ৮০ হেক্টরের তরমুজ। ফলে ঋণ নিয়ে তরমুজ চাষ করা কৃষকেরা দিশেহারা হয়ে পড়েছেন।মঙ্গল ও বুধবার সরেজমিনে গিয়ে দেখা গেছে, চার দিনের ভারী বর্ষণ ও জোয়ারের পানিতে উপজেলার চকপুকুরিয়া, নলুয়া, বুরুয়া, মাছপাড়া ও রুথিয়ারপাড় গ্রামের তরমুজ খেতের প্রায় সব তরমুজ পচে গেছে। জমিতে পানি জমে রয়েছে। উঁচু স্থান থেকে পানি সরিয়ে নেওয়ার জন্য জমির নিচু স্থানে গর্ত করছেন কৃষকেরা। সেখান থেকে তাঁরা মেশিন দিয়ে সেচে পানি সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন। ভালো থাকা অল্প কিছু তরমুজ বাঁচাতেই তাঁদের এ প্রচেষ্টা। কয়েকজন কৃষককে খেতের আইলে বসে বিলাপ করতে দেখা গেল। তাঁদের মধ্যে চকপুকুরিয়া গ্রামের বিমল মধু, নিরেন রায়, উজ্জল মজুমদার, বিনয় মজুমদার ও দীপক মজুমদার জানালেন, চকপুকুরিয়া গ্রামের প্রায় ২০০ জন তরমুজচাষির সবারই এক অবস্থা। তরমুজ খেতের ভেতরে বৃষ্টি ও জোয়ারের পানি ঢুকে আটকে গেছে। গাছের গোড়া ও ফলে পচন ধরেছে। ফলগুলো না পাকায় কেটে বিক্রি করারও উপায় নেই।বুরুয়া গ্রামের তপন বল্লভ বলেন, অন্য বছরের তুলনায় এ বছর তরমুজের ফলন ভালো হয়েছিল। সবেমাত্র তরমুজ উঠতে শুরু করেছে। আর এই মুহূর্তেই আগাম বৃষ্টি হওয়ায় ৮০ শতাংশ জমির তরমুজ পচে নষ্ট হয়ে গেছে। নলুয়া গ্রামের তরমুজচাষি পুলিন চন্দ্র বাড়ৈ বলেন, চলতি মৌসুমে তাঁর মতো এলাকার অধিকাংশ তরমুজচাষি ব্যাংক থেকে ঋণ নিয়ে তরমুজ চাষ করেছেন। অনেকে মহাজনদের কাছ থেকে দাদন নিয়েছেন। এখন ঋণ শোধের চিন্তায় তিনিসহ এলাকার কৃষকেরা দিশেহারা হয়ে পড়েছেন।কলাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাইকেল ওঝা বলেন, ‘আমার এলাকার প্রায় ২৫ কোটি টাকার তরমুজ নষ্ট হয়েছে। অনেক চাষি তরমুজ কেটে কালিগঞ্জ বাজারের আড়তে নিয়ে আসছে। কিন্তু তরমুজগুলো কাঁচা থাকার কারণে বেপারিরা তা কিনছে না।’ এ ব্যাপারে গোপালগঞ্জ কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ভাস্কর চক্রবর্তী প্রথম আলোকে বলেন, ক্ষতিগ্রস্ত কৃষকদের কথা মাথায় রেখে আগামী মৌসুমে তাদের বীজ ও সার বিনা মূল্যে দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হবে। জেলা প্রশাসক শেখ ইউসুফ হারুন বলেন, ‘প্রকৃতির ওপর কারও হাত নেই। কৃষকদের নেওয়া ঋণের সুদ মওকুফ ও পরিশোধের মেয়াদ বাড়ানোর ব্যাপারে আমি সমবায় এবং কৃষি ব্যাংকে সুপারিশ করব।’