বর্ষণে বান্দরবান-চট্টগ্রাম যোগাযোগ বিচ্ছিন্ন
প্রবল বর্ষণে বান্দরবান-চট্টগ্রাম সড়কে যোগাযোগ গতকাল রোববার সকাল সাড়ে নয়টা থেকে বিচ্ছিন্ন রয়েছে। জলাবদ্ধতার কারণে বাইতুল ইজ্জতের কাছাকাছি আমতলা এলাকার সড়কটি ডুবে যাওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে পরিবহন-সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন।সড়ক ও জনপথ বিভাগের (সওজ) প্রকৌশলীরা বলেছেন, সড়কটির দুটি স্থানে মাত্র ৭০০ মিটার এলাকা সামান্য বৃষ্টিতে ডুবে যায় এবং বারবার যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু আর্থিক বরাদ্দের অভাবে ওই ৭০০ মিটারের উচ্চতা বৃদ্ধি করে দুর্ভোগ লাঘব করা যাচ্ছে না। একটি পরিবহন সংস্থার লাইনম্যান অসীম দাশ বলেছেন, কয়েক বছর ধরে বর্ষা মৌসুমে কয়েক ঘণ্টা মাঝারি বৃষ্টিপাত হলে সড়কটিতে গাড়ি চলাচল বন্ধ রাখতে হচ্ছে। আগে শুধু আমতলা এলাকায় পানি জমলেও এখন বড়দুয়ারার কাছাকাছি স্থানেও সামান্য বৃষ্টিতে গভীর জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। এ বছর এ পর্যন্ত দুবার প্রায় পাঁচ দিন যানবাহন চলাচল বন্ধ রাখতে হয়েছে। গতকাল সড়ক ডুবে যানবাহন চলাচল বন্ধ হওয়ার পর শত শত মানুষ দুর্ভোগে পড়ে। বান্দরবান থেকে চট্টগ্রামগামী এবং চট্টগ্রাম থেকে বান্দরবানগামী যাত্রীরা আটকে পড়েন। অনেক লোকজনকে বান্দরবান বাসস্টেশন থেকে ফিরে আসতে দেখা গেছে। সওজের প্রকৌশলীরা বলেছেন, সড়কের সাতকানিয়া অংশে কেউচিয়া এলাকায় পূর্বমুখী একটি সড়ক নির্মাণ করা হয়েছে। এতে দক্ষিণ-পূর্বের পাহাড়ি অঞ্চল থেকে নেমে আসা পানি কেউচিয়ায় নির্মিত সড়ক রুদ্ধ হয়ে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে।সওজের বান্দরবানের নির্বাহী প্রকৌশলী ফজলুল হক বলেছেন, সড়কটির জলাবদ্ধতা সৃষ্টির সমস্যা চার-পাঁচ বছর হয়েছে। তিনি বলেন, আমতলা ও বড়দুয়ারা দুটি স্থানে মাত্র ৭০০ মিটার সড়কের এক মিটার উচ্চতা বাড়ালে আপাতত সমস্যার সমাধান হবে।