বর্ষণে বেহাল চট্টগ্রামের ১৩ সড়ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের ভিআইপি সড়ক এটি। নগরের সিমেন্ট ক্রসিং থেকে পতেঙ্গা সমুদ্রসৈকত পর্যন্ত সড়কটি পাঁচ কিলোমিটার দীর্ঘ। এর মধ্যে এক কিলোমিটার অংশই (সড়কের এক পাশ) টানা বৃষ্টিতে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ছবিটি সড়কের কেইপিজেড গেট এলাকা থেকে গত রোববার বিকেলে তোলা l সৌরভ দাশ
চট্টগ্রাম নগরের ভিআইপি সড়ক এটি। নগরের সিমেন্ট ক্রসিং থেকে পতেঙ্গা সমুদ্রসৈকত পর্যন্ত সড়কটি পাঁচ কিলোমিটার দীর্ঘ। এর মধ্যে এক কিলোমিটার অংশই (সড়কের এক পাশ) টানা বৃষ্টিতে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ছবিটি সড়কের কেইপিজেড গেট এলাকা থেকে গত রোববার বিকেলে তোলা l সৌরভ দাশ

এক সপ্তাহের টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরের প্রধান ১৩টি সড়কে ছোট-বড় অসংখ্য গর্ত তৈরি হয়েছে। এসব সড়কের অন্তত ৫০ কিলোমিটার অংশের পিচ উঠে গেছে। খানাখন্দে ভরা সড়কের কারণে যাত্রী, চালক ও পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। সিটি করপোরেশনের প্রকৌশলীরা বলছেন, অতিবৃষ্টির কারণে নগরের সড়কগুলোর এই হাল হয়েছে।

নগরের বিমানবন্দর সড়ক, স্ট্র্যান্ড রোড, ভিআইপি সড়ক (সিমেন্টক্রসিং থেকে পতেঙ্গা সমুদ্রসৈকত পর্যন্ত), আলকরণ রোড, সিডিএ অ্যাভিনিউ, আরাকান সড়ক, কদমতলী উড়ালসড়কের ওঠা-নামার মুখে, দেওয়ানহাট ওভারপাসের সামনের অংশ, পতেঙ্গার চরপাড়া সড়ক, চট্টেশ্বরী সড়ক, কাপাসগোলা সড়ক, মেহেদীবাগ সড়ক, শহীদ সাইফুদ্দিন খালেদ সড়ক সাম্প্রতিক বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান প্রকৌশলীরা।

পতেঙ্গা আবহাওয়া দপ্তরের সহকারী আবহাওয়াবিদ মুশফিকুর রহমান বলেন, ১ থেকে ৬ জুলাই চট্টগ্রাম নগরে ৩৮৬ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

গত রোববার সরেজমিনে দেখা যায়, ভিআইপি সড়কের সিমেন্টক্রসিং মোড় থেকে কর্ণফুলী ইপিজেড পর্যন্ত প্রায় এক কিলোমিটার অংশে বিশাল বিশাল গর্ত সৃষ্টি হয়েছে। অবস্থা এতটাই নাজুক হয়ে পড়েছে যে চার লেন সড়কের ওই অংশের দুই লেনে (এক পাশ) যান চলাচল বন্ধ হয়ে গেছে। বেহাল সড়কের কারণে ঈদের ছুটিতে সমুদ্রসৈকতগামী মানুষ চরম ভোগান্তির শিকার হয়। ভিআইপি সড়কের নারিকেলতলা এলাকার বাসিন্দা মোজাম্মেল হক বলেন, আগে রাস্তায় ছোট ছোট গর্ত ছিল। বৃষ্টিতে গর্তগুলো বড় আকার ধারণ করেছে। এখন ঝুঁকি নিয়ে গাড়ি চলছে।

উত্তর পতেঙ্গা ওয়ার্ডের কাউন্সিলর জয়নাল আবেদীন প্রথম আলোকে বলেন, সিমেন্ট ক্রসিং থেকে কর্ণফুলী ইপিজেড পর্যন্ত সড়কটি বেশ কয়েকবার ঠিক করা হয়েছিল। কিন্তু পানি জমে থাকার কারণে বারবার সেখানে গর্তের সৃষ্টি হচ্ছে। আগামী সপ্তাহ থেকে সড়ক সংস্কারের কাজ শুরু হবে।

টানা বৃষ্টিতে নগরের সড়কগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টি স্বীকার করে চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ শফিউল আলম গতকাল প্রথম আলোকে বলেন, বৃষ্টিতে নষ্ট হয়ে যাওয়া সড়কগুলো জরুরি ভিত্তিতে সংস্কারের জন্য প্রকৌশল বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যে কিছু এলাকায় সড়ক সংস্কারকাজও শুরু হয়েছে। নগরের ৮০০ কিলোমিটার সড়কের মধ্যে কত কিলোমিটার ক্ষতিগ্রস্ত হয়েছে, সে হিসাব তঁারা সংগ্রহ করছেন। পুরো হিসাব পেতে আরও দুই-তিন দিন লাগবে বলে জানান তিনি।

সিটি করপোরেশন সূত্র জানায়, গত বছরের বর্ষা মৌসুমের বৃষ্টিতে নগরের প্রায় দেড় শ কিলোমিটার সড়কে খানাখন্দ সৃষ্টি হয়েছিল। ২০১৪ সালের ২০ থেকে ২৩ জুন মাত্র তিন দিনের টানা বৃষ্টিতে নগরের প্রায় এক শ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়।

প্রতি বর্ষায় বেহাল সড়কের জন্য কাজের গুণগত মান খারাপ ও পানিনিষ্কাশন ব্যবস্থা ঠিক না থাকাকে দায়ী করেছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের অধ্যাপক মাহমুদ ওমর ইমাম। তিনি প্রথম আলোকে বলেন, পানি জমে থাকলে সড়ক ঠিক রাখা সম্ভব নয়। বর্ষা মৌসুমে তাড়াহুড়া করে সড়কের সংস্কারকাজ করা হয়। ফলে ভারী বৃষ্টিতে সড়কগুলো নষ্ট হয়ে যায়।

মাহমুদ ওমর ইমাম বলেন, বেশির ভাগ ক্ষেত্রে গৎবাঁধা পদ্ধতিতে সড়কের নির্মাণ ও সংস্কারকাজ করা হয়। পরামর্শ দিলেও কেউ শুনতে চান না। কাজের মান খারাপ হওয়ায় প্রতিবছরই বিপুল পরিমাণ অর্থ নষ্ট হয়। আবার নগরবাসীকেও দুর্ভোগ পোহাতে হয়।

গত শনি ও রোববার সরেজমিনে বিমানবন্দর সড়কের নিমতলা মোড়, সিমেন্টক্রসিং মোড়, বন্দরটিলা অংশ, স্ট্র্যান্ড রোড, আলকরণ রোডের বিভিন্ন অংশ ঘুরে দেখা যায়, সব কটি সড়কে ছোট-বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। আলকরণ এলাকার বাসিন্দা মশিউর রহমান বলেন, রাস্তার অবস্থা খারাপ হওয়ার কারণে রিকশাচালকেরা যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায় করছেন।

কদমতলী উড়ালসড়কে ওঠার মুখ বিআরটিসি এলাকা ও নামার পথ বায়তুশ শরফ এলাকায় পিচ উঠে গিয়ে বড় আকারের গর্তের সৃষ্টি হয়েছে। এতে গাড়ি চলাচলে সতর্কতা অবলম্বন করতে হচ্ছে চালকদের।

সিডিএর নির্বাহী প্রকৌশলী ও কদমতলী উড়ালসড়কের প্রকল্প পরিচালক আহমদ মঈনুদ্দিন প্রথম আলোকে বলেন, অতিবৃষ্টির কারণে উড়ালসড়কের দুই পাশের ওঠা-নামার মুখে পিচ উঠে গিয়ে বড় আকারের গর্ত সৃষ্টি হয়েছে। তবে টানা রোদ থাকলে দুই-এক দিনের মধ্যে সড়কটি সংস্কারের কাজ শুরু করা হবে।

পরিবহন মালিকেরা বলছেন, সড়কের নাজুক অবস্থার কারণে গাড়ির যন্ত্রাংশ নষ্ট হওয়ায় তাঁরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। চট্টগ্রাম ফোর-স্ট্রোক সিএনজিচালিত অটোরিকশা সাধারণ মালিক ঐক্য পরিষদের সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন প্রথম আলোকে বলেন, ভাঙা সড়কের কারণে মালিক, চালক ও জনগণ সবার কষ্ট হচ্ছে। চালকেরা ঠিকভাবে গাড়ি চালাতে পারেন না। যাত্রীরাও ঠিক সময়ে গন্তব্যে পৌঁছাতে পারছেন না।