বর্ষণে রংপুর শহরের বাড়িঘরে পানি
দুই দিনের অবিরাম বর্ষণে রংপুর শহরের অধিকাংশ পাড়া-মহল্লায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পানি সরে যাওয়ারও কোনো উপায় নেই। বাসাবাড়িতে পানি উঠেছে, সড়কগুলো ডুবে গেছে। দুর্ভোগে পড়েছে বাসিন্দারা। গত সোমবার সকাল থেকে শুরু হয়েছে বৃষ্টি। গতকাল মঙ্গলবার বিকেলে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ঝরছে অবিরাম বর্ষণ। শহরের বাবু খাঁ, গলেশপুর, মুলাটোল, কেরানীপাড়া, বালাপাড়া, রামপুরা, আলমনগর, নিউ জুম্মাপাড়া, নীলকণ্ঠ, জলকর, মেডিকেল পূর্বগেট, নিউ শালবন, শালবন মিস্ত্রিপাড়া, রবার্টসনগঞ্জ, মণ্ডলপাড়া, কামারপাড়াসহ বেশ কিছু এলাকার বাড়িঘরে পানি উঠেছে। সরেজমিনে দেখা গেছে, শহরের গুরুত্বপূর্ণ জাহাজকোম্পানি মোড় থেকে কামলকাছনা যাওয়ার প্রধান সড়কেও পানি উঠে লোকজনের চলাচলে দুর্ভোগ সৃষ্টি হয়েছে। সড়কের পানি ডিঙিয়ে শিশু ও নারীরা ঈদের কেনাকাটা করতে যেতে পারেননি। শহরের কেরানীপাড়ার কেরামতিয়া মসজিদের পেছনে লোকজনের প্রতিটি বাড়িতেই পানি উঠেছে। এখানকার এক বাড়ির গৃহিণী নূরজাহান বেগম বলেন, এভাবে একটানা বৃষ্টি হলে বাড়িঘরে থাকাই দুষ্কর হয়ে পড়বে। কেননা, এসব এলাকায় নতুন নতুন বাড়ি নির্মাণ হয়েছে ঠিকই, কিন্তু পানি সরে যাওয়ার জন্য কোনো ব্যবস্থা করা হয়নি। যার ফলে পানি সরানোর কোনো উপায় নেই। রংপুর মেডিকেলের পূর্ব দিকের পুরো এলাকায় বাসাবাড়িতে পানি উঠেছে। এই এলাকার লোকজনের অভিযোগ, পৌরসভার কাছে অনেক দেনদরবার করলেও তারা পানি নিষ্কাশনের জন্য নালা নির্মাণ করেনি। এখানকার একজন শিক্ষার্থী আঞ্জুয়ারা বেগম বলেন, বাড়িতে পানি, রাস্তায় পানি। ঘর থেকে বের হতে পারছি না। এ এলাকার বিভিন্ন পুকুর উপচে গিয়ে মাছ বের হয়ে গেছে। নিউ শালবন এলাকার অধিকাংশ বাড়িতে পানি উঠেছে। বাড়ির গৃহিণীরা টেবিলের ওপর আলাদা চুলা বসিয়ে রান্নাবান্নার কাজ সারছেন। কোহিনূর বেগম বলেন, ‘আশপাশ দিয়ে পৌরসভার কোনো ড্রেন নেই। তাই পানি জমে ঘরের ভেতর ঢুকছে।’ শহরের মুন্সিপাড়ার নাসিরুল ইসলাম বলেন, পুরো আঙিনায় পানি। ছেলেপুলে একেবারে ঘরবন্দী হয়ে পড়েছে। অপরিকল্পিত বাড়িঘর নির্মাণ ও পয়োনিষ্কাশনের ব্যবস্থা না থাকায় অবিরাম বর্ষণে এই দুরবস্থা হয়েছে। রংপুর পৌর মেয়র এ কে এম আবদুর রউফ বলেন, লোকজন অপরিকল্পিতভাবে বাড়িঘর করেছে। তাদের বাসাবাড়ির পানি কোথায় গিয়ে পড়বে, এর জন্য তারা কোনো নালাও করেনি। এর ফলে বৃষ্টি হলে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে।