বর্ষপূর্তিতে গণজাগরণ মঞ্চের পৃথক অবস্থান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে গড়ে ওঠা গণজাগরণ মঞ্চ এবার দেশব্যাপী নৈরাজ্য, সন্ত্রাস ও সহিংসতার প্রতিবাদে শাহবাগে টানা অবস্থান শুরু করেছে। গতকাল বৃহস্পতিবার নিজেদের দ্বিতীয় বর্ষপূর্তির দিন থেকে মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারের নেতৃত্বে এ কর্মসূচি শুরু হয়। একই দাবিতে আজ বেলা তিনটায় শাহবাগ থেকে বাহাদুরশাহ পার্ক পর্যন্ত ‘মুক্তির অভিযাত্রা’ নামে পদযাত্রা করবেন তাঁরা।
মঞ্চের কামাল পাশা চৌধুরীর সমর্থক অংশও গতকাল বিকেলে পাশাপাশি পৃথক সমাবেশ ও প্রতিবাদী গণসংগীত কর্মসূচি পালন করেছে। তারাও যুদ্ধাপরাধীদের বিচারকাজ ত্বরান্বিত করা, জামায়াত-শিবির নিষিদ্ধের পাশাপাশি রাজনীতির নামে মানুষ হত্যাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি করে। তারা বিকেলে সমাবেশ করলেও সারা দিনই মাইকে বঙ্গবন্ধুর ভাষণ ও ধারণকৃত প্রতিবাদী গান বাজায়।
পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, সকাল সাড়ে ১০টার দিকে জাতীয় জাদুঘরের সামনে জড়ো হতে থাকেন মঞ্চের কর্মী-সংগঠকেরা। পরে বেলা ১১টার দিকে টিএসসি থেকে শাহবাগমুখী রাস্তার মাথায় রাস্তা আটকে গোল হয়ে অবস্থান নেয় ইমরান এইচ সরকার-সমর্থক অংশটি। এ সময় তারা ‘মানুষ হত্যার রাজনীতি বন্ধ করো করতে হবে’, ‘হত্যা খুনের রাজনীতি চাই না’, ‘যে হাত মানুষ পোড়ায়, সে হাত ভেঙে দাও’ এবং ‘আমার ভাই পুড়ছে কেন, প্রশাসন জবাব চাই’সহ বিভিন্ন স্লোগান দিতে থাকে। যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতেও স্লোগান দেওয়া হয়।