পঞ্চম বর্ষপূর্তি উপলক্ষে পাঁচটি আন্তর্জাতিক এবং দুটি অভ্যন্তরীণ রুটের টিকিটে ৪০ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড় দিচ্ছে বেসরকারি উড়োজাহাজ সংস্থা রিজেন্ট এয়ারওয়েজ। এক বিজ্ঞপ্তিতে উড়োজাহাজ সংস্থাটি এ তথ্য জানিয়েছে। গত রোববার থেকে শুরু হওয়া এ সুবিধা আগামী ৫ ডিসেম্বর পর্যন্ত বহাল থাকবে। ছাড়ের টিকিটে যাত্রীরা ভ্রমণ করতে পারবেন আগামী বছরের ৫ জানুয়ারি থেকে ২৬ অক্টোবর পর্যন্ত।
ছাড়ের পর করসহ ঢাকা-ব্যাংকক-ঢাকার টিকিটের মূল্য ১৭ হাজার ২৪ টাকা, চট্টগ্রাম-ব্যাংকক-চট্টগ্রাম ১৮ হাজার ৫৩১ টাকা, ঢাকা-কুয়ালালামপুর-ঢাকা ১৯ হাজার ৯৯৬ টাকা, ঢাকা-সিঙ্গাপুর-ঢাকা ২৪ হাজার ৫১২ টাকা, ঢাকা-কলকাতা-ঢাকা ৮ হাজার ৫১৬ টাকা, চট্টগ্রাম-কলকাতা-চট্টগ্রাম ৯ হাজার ৫০৩ টাকা, ঢাকা-চট্টগ্রাম-ঢাকা ৫ হাজার ২৩৩ টাকা এবং ঢাকা-কক্সবাজার-ঢাকার টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৬ হাজার ৬ টাকা।
রিজেন্ট এয়ারওয়েজের ব্যবস্থাপনা পরিচালক মাসরুফ হাবিব বলেন, মধ্যবিত্তদের বিমান ভ্রমণের সুযোগ করে দিতে তিন বছর ধরে বর্ষপূর্তিতে টিকিটে মূল্যছাড় দিয়ে আসছেন তাঁরা।