বর্ষপূর্তিতে তিন দিনব্যাপী কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে গড়ে ওঠা গণজাগরণ মঞ্চের বর্ষপূর্তিতে পালন করা হবে ‘গণজাগরণ দিবস’। আগামী ৫ ফেব্রুয়ারি এক বছর পূর্তি উপলক্ষে তিন দিনব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে তারা। গতকাল রোববার বিকেলে শাহবাগের প্রজন্ম চত্বরে এক সংবাদ সম্মেলনে সংগঠনের মুখপাত্র ইমরান এইচ সরকার এ কর্মসূচি ঘোষণা করেন।
ঘোষণা অনুযায়ী, কর্মসূচির প্রথম দিন ৫ ফেব্রুয়ারি সকাল সাতটায় স্মৃতিসৌধে ও নয়টায় কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হবে। বিকেল তিনটায় মূল অনুষ্ঠান শুরু হবে জাতীয় সংগীতের মাধ্যমে, সাড়ে তিনটায় (যে সময় থেকে আন্দোলনের সূত্রপাত) দেশ-বিদেশের সব গণজাগরণ মঞ্চে একযোগে আগামীর সংগ্রামে নিজেদের নিয়োজিত রাখার শপথ নেওয়া হবে। স্থিরচিত্রসহ বিভিন্ন প্রদর্শনী শুরু হবে বিকেল তিনটা ৩৫ মিনিটে। বিকেল চারটায় সব গণজাগরণ মঞ্চ একযোগে ‘জাগরণযাত্রা’য় অংশ নেবে। সন্ধ্যা ছয়টা থেকে রাত ১০টা পর্যন্ত প্রজন্ম চত্বরে চলবে স্মৃতিচারণা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
পরদিন শাহবাগে বিকেল তিনটা থেকে রাত ১০টা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান, গণমাধ্যমকর্মীদের স্মৃতিচারণা ও ‘মুক্তিযুদ্ধের পঙিক্তমালা’ অনুষ্ঠিত হবে। শেষ দিন শিশু-কিশোরদের জন্য রয়েছে চিত্রাঙ্কন প্রতিযোগিতা। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত তিনটি গ্রুপে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বিকেল তিনটায় প্রজন্ম চত্বরে অনুষ্ঠিত হবে জাগরণ সমাবেশ।
এ ছাড়া বিশেষ আয়োজন হিসেবে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত শাহবাগ সমন্বয় সেলে যে কেউ রচনা প্রতিযোগিতার অংশ হিসেবে ‘শাহবাগ আন্দোলন ও ভবিষ্যৎ বাংলাদেশ’ শিরোনামে লেখা জমা দিতে পারবে। লেখা পাঠানো যাবে গণজাগরণ মঞ্চের ইমেইল ঠিকানায়ও।
গত ৫ ফেব্রুয়ারি কাদের মোল্লার যাবজ্জীবন কারাদণ্ডাদেশ ঘোষণা করার পর ক্ষুব্ধ হয়ে শাহবাগে অবস্থান নেয় গণজাগরণ মঞ্চ। পরে এ মঞ্চের আন্দোলন দেশব্যাপী ছড়িয়ে পড়ে।