বর্ষবরণ অনুষ্ঠানের নামে আ.লীগ নেতার চাঁদাবাজি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াছিন মিয়া বাংলা বর্ষবরণ অনুষ্ঠানের নামে চাঁদাবাজি করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ইয়াছিন মিয়া এলাকার বড় থেকে ক্ষুদ্র ব্যবসায়ী, এমনকি ফুটপাতের দোকানদারের কাছ থেকে চাঁদা তুলছেন।
অনুসন্ধানে জানা গেছে, সিটি করপোরেশনের ২ নম্বর ওয়ার্ডের মিজমিজি পশ্চিমপাড়া উচ্চবিদ্যালয় মাঠে ১৪ এপ্রিল পয়লা বৈশাখে সকাল সাতটায় ‘বাংলা বর্ষবরণ ১৪২১’ অনুষ্ঠানের আয়োজন করেছে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগ ও দলটির সহযোগী সংগঠনগুলো। অনুষ্ঠানে নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনের সাংসদ শামীম ওসমান প্রধান অতিথি থাকবেন। ইয়াছিন মিয়ার বাড়ি মিজমিজি পশ্চিমপাড়া এলাকায়।
ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ওই অনুষ্ঠানের নামে আওয়ামী লীগের নেতা ইয়াছিন মিয়া স্থানীয় বিভিন্ন শিল্প ও ব্যবসাপ্রতিষ্ঠান থেকে মোটা অঙ্কের চাঁদা আদায় করছেন। ক্ষুদ্র ব্যবসায়ী এমনকি ফুটপাতের হকাররা পর্যন্ত চাঁদা না দিয়ে রেহাই পাচ্ছেন না। তিনি তাঁর ক্যাডারদের দিয়ে ব্যবসায়ীদের আমন্ত্রণপত্র পাঠিয়ে চাঁদা আদায় করছেন।
হিরাঝিল এলাকার নিউ স্পেশাল চিশতীয়া বেকারির মালিক নজরুল ইসলাম বলেন, বর্ষবরণ অনুষ্ঠানের নামে ইয়াছিন মিয়া তাঁর কাছ থেকে চাঁদা নিয়েছেন। তবে তিনি চাঁদার পরিমাণ জানাতে অস্বীকৃতি জানান। পাশাপাশি এ নিয়ে প্রতিবেদন না ছাপাতে অনুরোধ করেন। মৌচাক এলাকার ব্যবসায়ী হাদিস মিয়াও স্বীকার করেন, তাঁর কাছ থেকে ইয়াছিনের লোকজন চাঁদা নিয়ে গেছে। তিনিও চাঁদার পরিমাণ জানাতে চাননি।
চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করে ইয়াছিন মিয়া বলেন, ‘দেড় হাজার লোকের জন্য পান্তা ইলিশের আয়োজন করা হয়েছে। আমন্ত্রণপত্র বিলি হয়েছে এক হাজার। ২০০ ইলিশ মাছের অর্ডার দেওয়া হয়েছে। কারও কাছ থেকে এক টাকাও চাঁদা নেওয়া হয়নি। নিজের পকেটের টাকা দিয়ে অনুষ্ঠান করছি।’
সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান বলেন, ‘সাধারণ সম্পাদক ইয়াছিন মিয়া নিজের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করেছেন। আমি আমন্ত্রণ পেয়েছি। এ ছাড়া আমার সঙ্গে অনুষ্ঠানের আর কোনো ধরনের সম্পৃক্ততা নেই।’
পয়লা বৈশাখ সরকারি ছুটি থাকলেও ইয়াছিন মিয়া তাঁর রাজনৈতিক প্রভাব খাটিয়ে মিজমিজি পশ্চিমপাড়া উচ্চবিদ্যালয়ের এক হাজার ৪০০ শিক্ষার্থী ও ৪৫ জন শিক্ষকের সবাইকে অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য মৌখিক নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে। পাশাপাশি স্কুলের মাঠে অনুষ্ঠান আয়োজনের ব্যাপারেও কোনো লিখিত অনুমতি নেওয়া হয়নি।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে স্কুলের প্রধান শিক্ষক সাইদুর রহমান কোনো মন্তব্য করতে রাজি হননি।