বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে বাংলা বর্ষবরণের প্রস্তুতি নিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ উপলক্ষে ক্যাম্পাসকে বর্ণিল সাজে সাজানো হয়েছে। বর্ষবরণের প্রস্তুতি নিয়ে গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্যদের সঙ্গে মতবিনিময় করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আনোয়ারুল আজিম আরিফ।উপাচার্যের কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য মো. আলাউদ্দিন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোহাম্মদ সফিউল আলম, প্রক্টর সিরাজ উদ দৌল্লাহ ও সিন্ডিকেট সদস্য নঈম উদ্দিন হাছান আওরঙ্গজেব চৌধুরী।মতবিনিময় সভায় উপাচার্য আনোয়ারুল আজিম আরিফ বলেন, বাংলা বর্ষবরণ বাঙালির প্রাণের উৎসব। এ উৎসবকে বর্ণাঢ্য করতে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সূত্র জানায়, পয়লা বৈশাখ উপলক্ষে শনিবার সকাল নয়টায় বিশ্ববিদ্যালয়ের স্টেশন চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হবে। সকালে জারুলতলা চত্বরে উৎসবের মূল মঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। একই মঞ্চে সারা দিন সাংস্কৃতিক অনুষ্ঠান, নাটক, রম্য বিতর্ক, উপজাতীয় সাংস্কৃতিক অনুষ্ঠান, বাউল গান, ফ্যাশন শোর আয়োজন করা হয়েছে। আমন্ত্রিত শিল্পী হিসেবে সংগীত পরিবেশন করবেন মাহমুদুজ্জামান বাবু ও কল্যাণী ঘোষ।