বর্ষবরণ উৎসব না করতে প্রচারপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাঙলা বর্ষবরণ উপলক্ষে লালমনিরহাটের আদিতমারী উপজেলায় আয়োজিত জেলার সবচেয়ে বড় মেলার বিরুদ্ধে ধর্মপ্রাণ তাওহিদী জনতার ব্যানারে কয়েক দিন ধরে প্রচারপত্র বিতরণ করা হচ্ছে। এ ঘটনায় গত রোববার রাতে আদিতমারী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
প্রচারপত্রে পয়লা বৈশাখ মুসলিম বাঙালির সংস্কৃতি, না বিজাতীয় সংস্কৃতি এ নিয়ে প্রশ্ন উত্থাপন করে বাঙালির বর্ষবরণ উৎসব করতে সাধারণ মানুষকে নিষেধ করা হয়েছে। এ ছাড়া পয়লা বৈশাখের প্রবর্তক কে, কোথা থেকে এ প্রথার শুরু তা নিয়েও বিভ্রান্তিকর তথ্য-উপাত্ত দেওয়া হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, সাপ্টিবাড়ী ইউনিয়নের দুড়াকুটি গ্রামের কদম চাঁন বিদ্যাপীঠের প্রতিষ্ঠাতা পরিচালক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব জাহাঙ্গীর আলম (পাগলা জাহাঙ্গীর নামে পরিচিত) ২০০৫ সাল থেকে কদম চাঁন বিদ্যাপীঠের উদ্যোগে দুড়াকুটি এলাকায় বৈশাখী মেলার আয়োজন করে আসছেন। মেলাটি ‘পাগলা জাহাঙ্গীরের বৈশাখী মেলা’ নামে পরিচিত।
ইউপি সদস্য আবদুল জলিল বলেন, ‘গত ১০ বছর ধরে এ মেলা করছি। কখনো খারাপ কিছু ঘটেনি। এবার কে বা কারা তাওহিদী মুসলিম জনতার ব্যানারে কুরুচিপূর্ণ এসব লিফলেট প্রচার করছে। বিষয়টি জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে অবহিত করেছি।’
জাহাঙ্গীর আলম বলেন, ‘আমি গত রোববার রাতে আদিতমারী থানায় নিজের ও মেলার নিরাপত্তার স্বার্থে জিডি করেছি।’
থানার ওসি (তদন্ত) আবদুস সোবহান জিডির বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলাম বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। পাগলা জাহাঙ্গীরের বৈশাখী মেলাসহ জেলার অন্যান্য মেলা ও অনুষ্ঠান যাতে শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় সে জন্য পুলিশ তৎপর রয়েছে।