বর্ষবরণ ও বিদায়ের অনুষ্ঠান শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আজ সবার রঙে রঙ মিশাতে হবে/ ওগো আমার প্রিয়, তোমার রঙিন উত্তরীয়/ পরো পরো পরো তবে’ অভ্যুদয় সংগীত অঙ্গনের এই সমবেত সংগীত বিদায়ী বাংলা বর্ষের বিরহকে ছাপিয়ে সবার মনে যেন ছড়িয়ে দিয়েছে নববর্ষের রং। এ রকম নানা রঙের আয়োজনের মধ্য দিয়ে চট্টগ্রামে গতকাল রোববার থেকে শুরু হয়েছে দুই দিনব্যাপী বর্ষবিদায় ও বরণের অনুষ্ঠানমালা।
সম্মিলিত পয়লা বৈশাখ উদ্যাপন পরিষদের আয়োজনে নগরের প্রধান অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে ডিসি হিলের মুক্তমঞ্চে। এই অনুষ্ঠান এবার নিয়ে ৩৮ বছরে পা রাখল। সেখানে অভ্যুদয়ের উদ্বোধনী সংগীতের পর দলীয় সংগীত, নৃত্যানুষ্ঠান, দলীয় ও একক আবৃত্তি পরিবেশন করেন শিল্পীরা। উদ্বোধনী গানের সঙ্গে ছিল স্কুল অব ওরিয়েন্টাল ডান্সের সমবেত নৃত্য। এই মঞ্চে একক আবৃত্তি পরিবেশন করেন মিলি চৌধুরী।
আজ সোমবার এই মঞ্চে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শুরু হবে নববর্ষবরণের অনুষ্ঠানমালা। ক্যাপ্টেন আজিজুল ইসলামের বাঁশির সুরে সূচিত হবে ১৪২১ বঙ্গাব্দকে বরণ।
নববর্ষ উদ্যাপন পরিষদের উদ্যোগে নগরের সিআরবি পাহাড়ের শিরীষতলায় শুরু হয়েছে দুই দিনব্যাপী অনুষ্ঠানমালা। বিকেল সাড়ে পাঁচটায় ঢোলবাদনের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন দৈনিক আজাদী পত্রিকার সম্পাদক এম এ মালেক। এরপর বিভিন্ন সংগঠনের শিল্পীরা পরিবেশন করেন দলীয় সংগীত, নৃত্য ও আবৃত্তি। আজ নববর্ষের দিন এখানে অনুষ্ঠিত হবে শাহাবুদ্দিনের বলীখেলা।
নগরের বাওয়া স্কুলে বাংলা বর্ষবিদায় ও বরণ সম্মিলন পরিষদের উদ্যোগে দুই দিনের অনুষ্ঠান শুরু হয় গতকাল সন্ধ্যা ছয়টায়। শুরু থেকে বিভিন্ন সংগঠনের সমবেত পরিবেশনা ছিল। এ ছাড়া জেলা শিল্পকলা একাডেমী, শিশু শিক্ষাপ্রতিষ্ঠান ফুলকি নববর্ষ ও বরণ উপলক্ষে পৃথক অনুষ্ঠানমালার আয়োজন করে। ফুলকি প্রাঙ্গণে গতকাল তিন দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করা হয়। আজ সকালে বাংলা নববর্ষকে স্বাগত জানিয়ে নগরের আর্ট ইনস্টিটিউট থেকে বের করা হবে মঙ্গল শোভাযাত্রা।