খ্রিষ্টীয় নববর্ষ বরণ ঘিরে রাজধানীতে কোনো হুমকি নেই বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিএমপি) মো. আছাদুজ্জামান মিয়া। বর্ষবরণের নিরাপত্তায় কাল শনিবার রাজধানীতে নিয়মিত পোশাকের পাশাপাশি সাদাপোশাকে ১০ হাজার পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন।
গতকাল বৃহস্পতিবার সকালে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার এ কথা বলেন। ৩১ ডিসেম্বর খ্রিষ্টীয় নববর্ষ বরণ রাতের নিরাপত্তাব্যবস্থা জানাতে ডিএমপি এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।
সম্মেলনে ডিএমপি কমিশনার বলেন, বর্ষবরণের রাতে কোথাও আতশবাজি বা পটকা ফোটানো যাবে না। কোনো উন্মুক্ত স্থানে নববর্ষ উদ্যাপন উপলক্ষে নাচ, গান বা কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান করা যাবে না। রাজধানীর সার্বিক নিরাপত্তার স্বার্থে রাস্তার মোড়, ফ্লাইওভার, রাস্তায় ও প্রকাশ্যে কোনো ধরনের জমায়েত, সমাবেশ বা উৎসব করা যাবে না। উন্মুক্ত স্থানে কোনো ধরনের অনুষ্ঠান বা সমবেত হওয়া যাবে না। রাজধানীর অনুষ্ঠানগুলো ঘিরে ছয় স্তরের নিরাপত্তাবলয় করা হবে। আছাদুজ্জামান মিয়া বলেন, ‘থার্টি ফার্স্ট’ রাত ঘিরে ঢাকায় কোনো হুমকি নেই। নগরবাসীর নিরাপত্তা নিয়ে শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। মহানগরজুড়ে নিরাপত্তার চাদর বিস্তৃত করা হবে। যেকোনো উচ্ছৃঙ্খল ও বিশৃঙ্খল আচরণ নিয়ন্ত্রণ করা হবে। ডিএমপির শীর্ষ এই কর্মকর্তা বলেন, বর্ষবরণের দিন সন্ধ্যা ছয়টার পর থেকে রাজধানীর কোনো মদের দোকান খোলা যাবে না। রাত আটটা থেকে পরদিন ১ জানুয়ারি ভোর পাঁচটা পর্যন্ত রাজধানীর মদের দোকান বন্ধ থাকবে। রেস্তোরাঁ ও জনসমাবেশ এবং উৎসবস্থলে লাইসেন্স করা আগ্নেয়াস্ত্রও বহন করা যাবে না।
ডিএমপি কমিশনার বলেন, গুলশান, বনানী ও বারিধারার নাগরিকদের রাত আটটার মধ্যে নিজ এলাকায় ফিরে আসতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সন্ধ্যা ছয়টার পর বহিরাগত কোনো ব্যক্তিকে বা যানবাহন প্রবেশ করতে দেওয়া হবে না।