বর্ষবরণে জমজমাট আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাঙালির প্রাণের উৎসব পয়লা বৈশাখ উপলক্ষে বগুড়ায় এবারও ব্যাপক আয়োজনে বর্ষবরণ ও বৈশাখী উৎসব হচ্ছে। আজ সোমবার আমরা কজন শিল্পীগোষ্ঠীর উদ্যোগে বর্ষবিদায় ও গুণীজন সম্মাননার মধ্য দিয়ে সপ্তাহব্যাপী জমজমাট আয়োজন শুরু হচ্ছে।
বগুড়া থিয়েটার ৩৪ বছরের ধারাবাহিকতায় এবারও শহরের এডওয়ার্ড পার্কে পাঁচ দিনব্যাপী বৈশাখী মেলার আয়োজন করেছে। দিনবদলের মঞ্চ অন্যবারের মতো এবারও শহরের সাতমাথায় বৈশাখী উৎসব পালনের আয়োজন শেষ করেছে।
এদিকে উৎসব সফল করতে এবং যেকোনো ধরনের নাশকতা ঠেকাতে শহরজুড়ে র্যা ব-পুলিশের তিন স্তরের নিরাপত্তা জোরদার করার পাশাপাশি উৎসবস্থলে সাদাপোশাকের পুলিশ ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।
বগুড়ার পুলিশ সুপার মোজাম্মেল হক বলেন, আলবদরের কমান্ডার ও জামায়াত নেতা কামারুজ্জামানের ফাঁসি কার্যকরের পরপরই এবার বাংলা বর্ষবরণ ও বৈশাখী উৎসব হচ্ছে। ফাঁসি কার্যকরের প্রতিবাদে জামায়াতে ইসলামী ইতিমধ্যে বর্ষবিদায়ের দিন হরতাল ডেকেছে। এই হরতালে যেকোনো ধরনের নাশকতা ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। এ ছাড়া বর্ষবিদায়, বর্ষবরণ, বৈশাখী উৎসব এবং বৈশাখী মেলাকে ঘিরে গোটা শহরকে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে। নাশকতা ঠেকাতে সাদাপোশাকের গোয়েন্দা পুলিশকে সতর্কাবস্থায় রাখা হয়েছে। বৈশাখী মেলা চত্বরেও সাদাপোশাকের গোয়েন্দা পুলিশ সাধারণের সঙ্গে মিশে থাকবে। কাউকে সন্দেহ হলে সঙ্গে সঙ্গে পুলিশ তাকে তল্লাশি করতে পারবে।
আয়োজকদের সঙ্গে কথা বলে জানা গেছে, বর্ষবরণের এক দিন আগেই আজ অনুষ্ঠিত হচ্ছে বর্ষবিদায় অনুষ্ঠান। বর্ষবিদায়ে নানা অনুষ্ঠানমালার আয়োজন করেছে ‘আমরা কজন শিল্পীগোষ্ঠী’। আজ শহরের শহীদ টিটু মিলনায়তনে সংগঠনটি নৃত্যনাট্য ইছামতীর বাঁকে পরিবেশন করবে। এ ছাড়া গুণীজন সম্মাননা জানাতে ‘রোমেনা আফাজ স্মৃতিপদক’ প্রদান করবে। এতে এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমান প্রধান অতিথি থাকবেন।
পয়লা বৈশাখের বর্ষবরণে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করার জন্য ব্যাপক প্রস্তুতি নিয়েছেন বগুড়া আর্ট কলেজের শিক্ষার্থীরা। এ ছাড়া জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বগুড়া থিয়েটার, সম্মিলিত সাংস্কৃতিক জোটসহ বিভিন্ন সংগঠন আলাদাভাবে পয়লা বৈশাখে মঙ্গল শোভাযাত্রা, বৈশাখী উৎসব, পান্তা উৎসবের আয়োজন করেছে।
পয়লা বৈশাখ থেকেই শহরের এডওয়ার্ড পার্কে প্রতিবছরের মতো এবারও বসছে ঐতিহ্যবাহী বৈশাখী মেলা। পাঁচ দিনব্যাপী এ মেলার আয়োজন করছে বগুড়া থিয়েটার। জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় বৈশাখী মেলার ওস্তাদ আলাউদ্দিন মঞ্চে প্রতিদিন থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন।
আয়োজক প্রতিষ্ঠান বগুড়া থিয়েটারের সভাপতি তৌফিক হাসান বলেন, মেলার সাংস্কৃতিক মঞ্চে পুতুলনাচ, নাটক, যাত্রাপালা, লছিমনপালা, জারিগান, পাতাখেলা, মোরগ লড়াই ও সাপের খেলার আয়োজন থাকবে। পয়লা বৈশাখে মেলার উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করবে এটিএন বাংলা।
এদিকে বগুড়ার ‘দিনবদলের মঞ্চ’ এবারও শহরের সাতমাথায় বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করেছে। দিনবদলের মঞ্চের অন্যতম উদ্যোক্তা ও উদীচী শিল্পীগোষ্ঠী বগুড়ার মোস্তাফিজুর রহমান চৌধুরী জানান, দিনবদলের মঞ্চে লোকসংগীত, বাউলগান, গম্ভীরা, ভাওয়াইয়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে।
বর্ষবরণ উপলক্ষে সম্মিলিত সাংস্কৃতিক জোট বৈশাখী উৎসব ও শোভাযাত্রার আয়োজন করেছে।