বাঙালির ঐতিহ্যকে ধারণ করে বাংলা নতুন বছরকে বরণ করতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নানা রকম আয়োজনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নতুন বছরকে স্বাগত জানাতে আজ মঙ্গলবার দিনভর ক্যাম্পাসে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন বিভাগ।
নববর্ষ উপলক্ষে ক্যাম্পাসের বিভিন্ন চত্বরে মনোমুগ্ধকর মঞ্চসজ্জা, সড়কে নানা আলপনা শোভা পাচ্ছে। বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা নিজেদের অনুষ্ঠানের শেষ মুহূর্তের প্রস্তুতি শেষ করেছেন গতকাল সোমবার। উৎসবকে ঘিরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে অস্থায়ী দোকান বসানো হয়েছে। এগুলোতে পান্তা-ইলিশের পাশাপাশি পিঠাপুলির আয়োজন থাকছে। এ ছাড়া চৈত্রসংক্রান্তি উপলক্ষে গতকাল সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের পুরোনো ফোকলোর চত্বরে পরিবেশন করা হয় বাঙালির ঐতিহ্যবাহী যাত্রাপালা। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের পরিবেশনায় মসনদ তুমি কার? যাত্রাপালাটি উপভোগ করেন শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, প্রথমবারের মতো এবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে সকাল নয়টায় বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হবে। শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা অংশ নেবেন। অন্যান্য বছরের মতো এবারও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বর্ষবরণের মূল আয়োজন থাকছে চারুকলা বিভাগকে কেন্দ্র করে। বর্ণাঢ্য শোভাযাত্রার পাশাপাশি দিনব্যাপী বৈশাখী মেলার আয়োজনও থাকছে বিভাগটির উদ্যোগে। এ ছাড়া নববর্ষকে স্বাগত জানাতে বিভিন্ন বিভাগের উদ্যোগে শোভাযাত্রাসহ নানা অনুষ্ঠানের আয়োজন থাকছে। বাংলা বিভাগ ও বাংলা সমিতির উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ্ কলাভবনের সামনে দিনব্যাপী বর্ষবরণের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে লোকসংগীতসহ বিচিত্র পরিবেশনা থাকবে। সকালে নাট্যকলা বিভাগের উদ্যোগে শোভাযাত্রা বের করা হবে। বিকেলে ভাওয়াইয়া, গম্ভীরা, নাটিকাসহ বিভিন্ন আয়োজন থাকছে বিভাগটির উদ্যোগে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তারিকুল হাসান জানান, বাংলা বর্ষবরণ উপলক্ষে ক্যাম্পাসে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। এদিন সার্বিক নিরাপত্তার স্বার্থে বহিরাগতদের সব ধরনের যানবাহন নিয়ে ক্যাম্পাসে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে সন্ধ্যা সাড়ে ছয়টার মধ্যে সব ধরনের অনুষ্ঠান সম্পন্ন ও ক্যাম্পাস ত্যাগ করতে প্রক্টরের দপ্তর থেকে নির্দেশনা দেওয়া হয়েছে।