বর্ষবরণে নারী লাঞ্ছনা: অধিকতর তদন্তের নির্দেশ
পয়লা বৈশাখে বর্ষবরণের উৎসবে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নারী লাঞ্ছনার ঘটনায় করা মামলাটি অধিকতর তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩এর বিচারক জয়শ্রী সমাদ্দার এ আদেশ দেন।
এ ঘটনায় জড়িত সন্দেহে গ্রেপ্তার মো. কামালের মামলার চূড়ান্ত প্রতিবেদন নিয়ে আজ মামলাটি পুনরুজ্জীবিত করার দিন ছিল। চূড়ান্ত প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি দাখিল করে রাষ্ট্রপক্ষ। আদালত তা গ্রহণ করে। আদালত পুলিশ ইনভেস্টিগেশন ব্যুরোকে (পিআইবি) তদন্ত করে ২৩ মার্চের মধ্যে অধিকতর প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে।
গত বছরের পয়লা বৈশাখে নববর্ষের উৎসবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি-সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানের ফটকে নারী লাঞ্ছনার ঘটনা গণমাধ্যমে প্রকাশিত হয়। বিষয়টি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে। পরে পুলিশ শাহবাগ থানায় মামলা করে। এ ঘটনায় জড়িত কাউকে শনাক্ত করতে না পেরে শাহবাগ থানা পুলিশ গত ডিসেম্বরে চূড়ান্ত প্রতিবেদন দেয়।
চূড়ান্ত প্রতিবেদন দেওয়ার এক মাস পর ডিবি এ বছরের জানুয়ারি মাসে পুরান ঢাকার নিজ বাসার সামনে থেকে সন্দেহভাজন হিসেবে মো. কামালকে গ্রেপ্তার করে। একই সঙ্গে মামলাটি পুনরুজ্জীবিত করতে আদালতে আবেদন করা হয়। নারী লাঞ্ছনার ঘটনায় জড়িত যে আটজনের ছবি পুলিশ প্রকাশ করে, কামাল তাঁদের একজন বলে ডিবি জানায়। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই দীপক কুমার দাস মামলা পুনরুজ্জীবিত করার আবেদন করেন।
আরও জানতে পড়ুন:
বর্ষবরণে নারী লাঞ্ছনার তদন্ত থেমে আছে