বর্ষবরণে প্রস্তুত চট্টগ্রাম
বাংলা নববর্ষ বরণ ও বর্ষবিদায় উপলক্ষে প্রতিবারের মতো এবারও চট্টগ্রাম নগরে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজ সোমবার থেকে দুই দিনব্যাপী এসব অনুষ্ঠান শুরু হবে। এ জন্য ইতিমধ্যে প্রস্তুতি শেষ হয়েছে।
নববর্ষের অনুষ্ঠানমালা ঘিরে নগরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এ বিষয়ে নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার এস এম তানভীর আরাফাত বলেন, ‘নববর্ষকে ঘিরে নগরজুড়ে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। এ ছাড়া অনুষ্ঠানস্থলে আমাদের কঠোর নিরাপত্তা থাকবে।’
প্রতিবারের মতো সবচেয়ে বড় অনুষ্ঠান হবে ডিসি হিলে। সম্মিলিত পয়লা বৈশাখ উদ্যাপন পরিষদ দুই দিনব্যাপী এই অনুষ্ঠানমালার আয়োজন করেছে।
আজ বিকেল চারটায় ডিসি হিলে বর্ষবিদায়ের অনুষ্ঠানমালা শুরু হবে। মঙ্গলবার সকাল ছয়টায় বাঁশিবাদনের মধ্য দিয়ে বর্ষবরণের অনুষ্ঠানমালা শুরু হবে।
ডিসি হিল ছাড়াও নগরের সিআরবি শিরীষতলা, শিল্পকলা একাডেমী ও বাংলাদেশ মহিলা সমিতি (বাওয়া) বালিকা উচ্চবিদ্যালয় মাঠে নববর্ষ উপলক্ষে বসবে মিলনমেলা। নববর্ষের দিন সকালে নগরের চারুকলা ইনস্টিটিউট থেকে বের করা হবে মঙ্গল শোভাযাত্রা।
বর্ষবিদায় ও বরণ উপলক্ষে শিল্পকলা একাডেমীর অনিরুদ্ধ মুক্তমঞ্চে আয়োজন করা হয়েছে দুদিনের অনুষ্ঠানমালার। সোমবার বিকেল পাঁচটায় শোভাযাত্রার মধ্য দিয়ে শিল্পকলা একাডেমী আয়োজিত অনুষ্ঠানমালার শুরু হবে। এর উদ্বোধন করবেন জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন।
বাংলা বর্ষবিদায় ও বরণ সম্মিলন পরিষদ প্রতিবারের মতো এবারও বাওয়া স্কুল মাঠে নববর্ষ উপলক্ষে অনুষ্ঠানমালার আয়োজন করেছে। প্রতিবছর বর্ষবিদায়ের দিন থেকে অনুষ্ঠান শুরু হলেও এবার কেবল নববর্ষের দিন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
তারুণ্যের বৈশাখ উদ্যাপন পরিষদ নামের একটি সংস্থা এবার প্রথমবারের মতো নগরের ফিরিঙ্গীবাজার অভয়মিত্র ঘাট এলাকায় দুই দিনের অনুষ্ঠানের আয়োজন করেছে। এই আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও থাকবে বৈশাখী সাজ প্রতিযোগিতা, সাম্পান শোভাযাত্রা, ঘুড়ি উৎসব ইত্যাদি। এ উপলক্ষে প্রচারণার অংশ হিসেবে গতকাল রোববার সাইকেল শোভাযাত্রা বের করা হয়।
সিআরবিতে নববর্ষ উদ্যাপন পরিষদের বর্ষবরণের অনুষ্ঠানমালা শুরু হবে সকাল সাতটায়।
এদিকে শিক্ষাপ্রতিষ্ঠান ফুলকিতে ছোটদের বৈশাখী মেলা নামে চার দিনব্যাপী মেলা শুরু হয়েছে গত শনিবার। এ ছাড়া প্রেসক্লাবও নববর্ষ উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করেছে।