বর্ষবরণে বিধিনিষেধ ধর্মান্ধতার কাছে আত্মসমর্পণ: ওয়ার্কার্স পার্টি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলা বর্ষবরণ উৎসব ও পাহাড়ি জনগণের বৈসাবি উৎসবের ওপর নিয়ন্ত্রণ আরোপ না করে উৎসবকে নির্বিঘ্ন করতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করার আহ্বান জানিয়েছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। গতকাল বুধবার সংগঠনটির সভাপতি রাশেদ খান মেনন ও সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এক বিবৃতিতে এ আহ্বান জানান।
বিবৃতিতে বলা হয়েছে, বাঙালির শাশ্বত উৎসব পয়লা বৈশাখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিধিনিষেধ আরোপ অবিবেচনাপ্রসূত ও বাঙালির সর্বজনীন প্রাণের উৎসব নিয়ন্ত্রণের শামিল। এই বিধিনিষেধ ঘোষণা প্রকারান্তরে উগ্র ধর্মান্ধ, মৌলবাদী ও সাম্প্রদায়িক শক্তির কাছে আত্মসমর্পণের নামান্তর। একই সঙ্গে পাহাড়ি জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী বৈসাবি উৎসবের ওপরও নিয়ন্ত্রণাদেশ জারি করা একই মনোভাবের পরিচায়ক।
বিবৃতিতে সংগঠনটির দুই শীর্ষ নেতা আরও বলেন, যেখানে প্রধানমন্ত্রী সরকারি কর্মচারীদের জন্য নববর্ষ উৎসব উৎসাহিত করতে ২০ শতাংশ উৎসব ভাতা দিচ্ছেন, সেখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইনশৃঙ্খলা বাহিনীর এ ধরনের সিদ্ধান্ত উৎসবের সর্বজনীনতাকেই ম্লান করবে।