বর্ষবরণে যৌন হয়রানি: রিমান্ড শেষে একজন কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলা বর্ষবরণের দিন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কয়েকজন নারীকে যৌন হয়রানির মামলায় এক আসামির পাঁচ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ শুক্রবার ঢাকার মহানগর হাকিম মেহের নিগার এই আদেশ দেন। 

এর আগে গত ১০ মার্চ পুরান ঢাকার চকবাজারের বাসিন্দা আসামি মো. কামালকে (৩৫) পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়। কামালকে গত ২৭ জানুয়ারি গ্রেপ্তার করা হয়।
বর্ষবরণে যৌন হয়রানির ঘটনায় ২০১৫ সালের ১৫ এপ্রিল শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা করেন। এ ঘটনায় আট আসামিকে শনাক্ত করে পুলিশ। আসামিদের ধরিয়ে দিতে এক লাখ টাকা করে মোট আট লাখ টাকার পুরস্কার ঘোষণা করা হয়। সেই মামলায় গত ২২ ডিসেম্বর ঢাকার মহানগর গোয়েন্দা পুলিশ আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে। পরে আদালত আবারও তা তদন্ত করে ২৩ মার্চের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।