বর্ষবরণেও যুদ্ধাপরাধীদের বিচার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মঙ্গল শোভাযাত্রা, পান্তা-ইলিশ খাওয়া ও বাংলার চিরায়ত সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে গত বুধবার সারা দেশে নতুন বাংলা বর্ষ ১৪১৭ সনকে বরণ করে নেওয়া হয়। বর্ষবরণ উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্তে বৈশাখী মেলার আয়োজন করা হয়। কুমিল্লায় সম্মিলিত সাংস্কৃতিক জোট ‘যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে জেগে উঠুক নববর্ষ’ শিরোনামে অনুষ্ঠানের আয়োজন করে। আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:রাজশাহী: সম্মিলিত সাংস্কৃতিক জোট সকালে স্থানীয় সাংসদ ফজলে হোসেন বাদশার নেতৃত্বে নগরের আলুপট্টি থেকে একটি শোভাযাত্রা বের করে সাহেববাজার প্রদক্ষিণ করে। সিটি করপোরেশনের উদ্যোগে পদ্মাপাড়ে বর্ষবরণের বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।খুলনা: উদীচী নগরের সার্কিট হাউসের পাশের সড়কে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। সম্মিলিত সাংস্কৃতিক জোট নগরের শহীদ হাদিস পার্কে সাংস্কৃতিক অনুষ্ঠান করে। বাংলালিংকের উদ্যোগে হাদিস পার্কে ও রবির উদ্যোগে জাতিসংঘ পার্কে দিনব্যাপী বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বরিশাল: নগরের বিএম স্কুল মাঠের তমালতলায় সকাল সাড়ে ছয়টায় উদীচী বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করে। এ সময় মঞ্চের পাশে একটি ব্যানারে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে গণস্বাক্ষর নেওয়া হয়। একই মঞ্চে সকাল আটটায় চারুকলার আয়োজনে রাখিবন্ধন শুরু হয়। এর পরপরই শুরু হয় মঙ্গল শোভাযাত্রা। বগুড়া: বগুড়া থিয়েটারের উদ্যোগে পৌর উদ্যানে পাঁচ দিনব্যাপী বৈশাখী মেলার আয়োজন করা হয়। সংশপ্তক থিয়েটারের উদ্যোগে শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। বগুড়া তহুরুননেছা মহিলা সংসদ ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে দুই দিন ধরে মিনাবাজার ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।কুমিল্লা: সম্মিলিত সাংস্কৃতিক জোটের দুটি অংশ ধর্মসাগরের উত্তর ও দক্ষিণ পাড়ে পৃথক অনুষ্ঠানের আয়োজন করে। উভয় জোটই ‘যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে জেগে উঠুক নববর্ষ’ শিরোনামে অনুষ্ঠান করে। এদিকে শহরের ঈশ্বর পাঠশালায় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ সংগীতের আয়োজন করে।খাগড়াছড়ি: জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। সকাল আটটায় খাগড়াছড়ি সরকারি উচ্চবিদ্যালয় মাঠ থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে টাউন হলে এসে শেষ হয়। ফরিদপুর: ফরিদপুর কারাগারে আটক ৯৩০ জন বন্দীকে বুধবার সকালে পান্তা-ইলিশ খেতে দেওয়া হয়। দুপুরে দেওয়া হয় খিচুড়ি ও ডিম ভুনা। রাতে বন্দীদের মধ্যে পরিবেশন করা হয় পোলাও মাংস, সালাদ ও চমচম। কারা তত্ত্বাবধায়ক মো. আবদুর রাজ্জাক জানান, এই প্রথমবারের মতো ফরিদপুর কারাগারের বন্দীরা নববর্ষ পালন উপলক্ষে জেলখানায় এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। নোয়াখালী: সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা বের হয়। এরপর শিল্পকলা একাডেমীতে বর্ষরবণ উৎসবের আয়োজন করা হয়।নীলফামারী: দিবসটি পালনে সম্মিলিত সাংস্কৃতিক জোট, নীলফামারী সরকারি কলেজ, কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান শোভাযাত্রা বের করে। শিশু-কিশোরদের জন্য বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়। পটুয়াখালী: সকাল সাতটায় সার্কিট হাউস চত্বর থেকে মঙ্গল শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে স্থানীয় শহীদ আলাউদ্দিন শিশুপার্কে শেষ হয়। পরে সপ্তাহব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করা হয়।পাবনা: ভোর ছয়টায় প্রেসক্লাবের সামনে ‘গানে গানে সূর্যোদয়’ অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন বছরকে স্বাগত জানানো হয়। এ অনুষ্ঠানে জেলা শহরের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন অংশ নেয়। সকাল নয়টায় নাট্য সংগঠন পাবনা ড্রামা সার্কেলের আয়োজনে বের হয় মঙ্গল শোভাযাত্রা। স্কয়ারের আয়োজনে সরকারি এডওয়ার্ড কলেজ মাঠে চলে ‘রুচী বৈশাখী উৎসব’। নাটোর: সকাল আটটায় জেলা পরিষদ মিলনায়তন চত্বর থেকে শোভাযাত্রা বের হয়ে রানি ভবানী রাজবাড়ী চত্বরের বৈশাখী মেলা চত্বরে গিয়ে শেষ হয়। প্রথম আলোর নাটোর বন্ধুসভার সদস্যরা মেলায় আসা দর্শনার্থীদের বিনা মূল্যে মুড়ি-মুড়কি ও সুপেয় পানি পান করান। চাঁপাইনবাবগঞ্জ: জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বের হওয়া শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ শেষে হরিমোহন সরকারি উচ্চবিদ্যালয় মাঠে এসে শেষ হয়। সেখানে তিন দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করেন সদর আসনের সাংসদ আবদুল ওদুদ বিশ্বাস। পঞ্চগড়: সকালে মুক্তিযোদ্ধা চত্বর থেকে শোভাযাত্রা বের হয়। স্থানীয় সাংসদ মো. মজাহারুল হক প্রধান লুঙ্গি ও পাঞ্জাবি পরে শোভাযাত্রায় যোগ দেন। শহরের প্রধান সড়ক ঘুরে মুক্তিযোদ্ধা চত্বরে এসে শোভাযাত্রাটি শেষ হয়। সেখানে সবাইকে টক দই ও চিঁড়া খাওয়ানো হয়। চাঁদপুর: মেঘনাপাড়ে আনন্দঘন ও শান্তিপূর্ণ পরিবেশে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালিত হয়। সকাল আটটায় চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চবিদ্যালয় প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা বের হয়। চুয়াডাঙ্গা: সকাল সাতটায় স্থানীয় টাউন ফুটবল মাঠ থেকে মঙ্গল শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি সরকারি কলেজ চত্বরে এসে শেষ হয়। এরপর সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। নড়াইল: সুলতান মঞ্চে মঙ্গলপ্রদীপ প্রজ্বালন ও প্রভাতি সংগীতের মধ্য দিয়ে শুরু হয় চার দিনব্যাপী বর্ষবরণ উৎসব। পরে মঙ্গল শোভাযাত্রা বের হয়। মেহেরপুর: সকাল সাড়ে ছয়টায় জেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গল শোভাযাত্রা বের হয়। সন্ধ্যায় অরণী থিয়েটারের সহযোগিতায় গড়ের পুকুরের ওপর নির্মিত ভাসমান মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পটুয়াখালী বিশ্ববিদ্যালয়: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বর্ষবরণ উদ্যাপিত হয়। এ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা, ঘুড়ি উৎসব, বৈশাখী মেলা ও দিনভর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়: সকালে চারুকলা বিভাগ থেকে মঙ্গল শোভাযাত্রা বের হয়। ক্যাম্পাসজুড়ে সাংস্কৃতিক অনুষ্ঠান, বৈশাখী মেলা, পান্তা-ইলিশের আয়োজন, পিঠা উৎসব, কনসার্ট, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, বাউলগান, লোকসংগীত, ছাত্র-শিক্ষক রম্য বিতর্ক প্রতিযোগিতা, বই প্রদর্শনী, পোশাক প্রদর্শনীর আয়োজন করা হয়।