বর্ষবরণের আয়োজন সীমিত হচ্ছে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিরাপত্তার কারণ দেখিয়ে এবার রাজধানীসহ দেশজুড়ে পয়লা বৈশাখের আয়োজন সীমিত করতে বলেছে প্রশাসন। ইতিমধ্যে জেলায় জেলায় বর্ষবরণের আয়োজন বিকেল পাঁচটার মধ্যে শেষ করতে স্থানীয় প্রশাসন থেকে নির্দেশ দেওয়া হয়েছে। কয়েক দিন ধরে যেসব মেলা ও অনুষ্ঠান চলে, অনেক জায়গায় সেগুলো এক দিনে নামিয়ে আনতে বলা হয়েছে। রাজধানীতে পুলিশের পক্ষ থেকে এমন নির্দেশনার কারণে সম্মিলিত সাংস্কৃতিক জোট এবার রবীন্দ্রসরোবরে তাদের ঐতিহ্যবাহী অনুষ্ঠান না করার সিদ্ধান্ত নিয়েছে।

সাংস্কৃতিক নেতারা অভিযোগ করছেন, অসাম্প্রদায়িক চেতনার এই উৎসব আরও বিস্তৃতি লাভ করুক, প্রশাসনের একটি অংশ তা চায় না। তাদের পরোক্ষ প্রভাবের সঙ্গে নিরাপত্তার বিষয়টিকে অজুহাত হিসেবে দাঁড় করিয়ে বৈশাখী উৎসবকে নিরুৎসাহিত করা হচ্ছে।

তবে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, সারা দেশে মঙ্গল শোভাযাত্রা হবে। বর্ষবরণের অনুষ্ঠানও চলবে। কঠোর নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করা হবে।

এ সম্পর্কে ঢাকা মহানগর পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া প্রথম আলোকে বলেন, উন্মুক্ত স্থানের অনুষ্ঠান বিকেল পাঁচটার মধ্যে শেষ করতে হবে। তবে মিলনায়তনের অনুষ্ঠান রাতেও চলতে পারে। মঙ্গল শোভাযাত্রায় অংশ নেওয়া প্রতিটি লোককে তল্লাশি করা হবে। কাউকে মুখ ঢেকে চলতে দেওয়া হবে না। মুখোশ হাতে নিতে হবে। ভুভুজেলা বাজানো যাবে না। দেশলাই ও ট্রলি ব্যাগ বহন করতে দেওয়া হবে না।

রাজধানীতে চারুকলা অনুষদের বের করা মঙ্গল শোভাযাত্রা ইউনেসকোর সাংস্কৃতিক ঐতিহ্যের মর্যাদা পাওয়ায় এবার সরকারি উদ্যোগে সারা দেশে নববর্ষের উৎসবে মঙ্গল শোভাযাত্রা বের করার পরিকল্পনা নেওয়া হয়েছে। সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে একটি আন্তমন্ত্রণালয় বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু এর মধ্যে হেফাজতে ইসলামসহ বেশ কয়েকটি সংগঠন মঙ্গল শোভাযাত্রা ও
বৈশাখী উৎসবকে ‘ইসলামবিরোধী’ আখ্যা দিয়ে তা বর্জন করার ডাক দেয়। সামাজিক যোগাযোগ মাধ্যমেও একটি পক্ষ মঙ্গল শোভাযাত্রা ও নববর্ষ উৎসববিরোধী প্রচারণা চালিয়ে যাচ্ছে। এ ছাড়া সাম্প্রতিক জঙ্গি তৎপরতায় নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ দেখা দিয়েছে।

৩ এপ্রিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানান, পয়লা বৈশাখে সারা দেশে বিকেল পাঁচটার মধ্যে উন্মুক্ত স্থানে সব অনুষ্ঠান শেষ করতে হবে। এরপরই স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন জেলায় মেলার আয়োজকদের প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে কয়েক দিনের আয়োজন এক দিনে নামিয়ে আনতে। গত বছরও বিকেলের মধ্যে আয়োজন শেষ করার পরামর্শ থাকলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে মেলার সময়সীমা কমানোর কোনো নির্দেশনা ছিল না।

প্রশাসনের এই চাপে সংস্কৃতিকর্মীরা উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁরা মনে করছেন, প্রশাসনের ভেতরে ঘাপটি মেরে থাকা মুক্তিযুদ্ধের চেতনার বিপক্ষের শক্তি নিরাপত্তার বিষয়টিকে সুযোগ হিসেবে গ্রহণ করে দেশের সবচেয়ে বড় এই অসাম্প্রদায়িক চেতনার উৎসবটিকে সীমিত করতে চেষ্টা চালাচ্ছে।

বগুড়া থেকে নববর্ষ উদ্‌যাপন উৎসবের অন্যতম আয়োজক ও গ্রাম থিয়েটার ফেডারেশনের নেতা তৌফিক হাসান প্রথম আলোকে বলেন, ২৮ বছর ধরে তাঁরা পাঁচ দিনব্যাপী বৈশাখী মেলা ও অনুষ্ঠান করে আসছেন। এবার জেলা প্রশাসন থেকে শুধু পয়লা বৈশাখে এক দিন অনুষ্ঠান ও মেলা করতে নির্দেশ দেওয়া হয়েছে।

রাজশাহীর সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহসভাপতি কামাল উল্লাহ বলেন, তাঁরা পয়লা বৈশাখের পরেও দুই দিন মেলা ও অনুষ্ঠান করেন। এবার পুলিশ কমিশনার তাঁদের ডেকে বলে দিয়েছেন, বৈশাখের অনুষ্ঠান বিকেল পাঁচটার মধ্যে শেষ করতে হবে। চট্টগ্রাম থেকে সম্মিলিত পয়লা বৈশাখ উদ্‌যাপন কমিটির আহ্বায়ক আহমেদ ইকবাল হায়দার বলেন, তাঁরা চৈত্রসংক্রান্তি ও পয়লা বৈশাখ দুই দিন অনুষ্ঠান করেন। পুলিশ জানিয়েছে, শুধু পয়লা বৈশাখে বিকেল পাঁচটা পর্যন্ত নিরাপত্তা দেওয়া হবে।

রাজধানীতে এবার সম্মিলিত সাংস্কৃতিক জোট ধানমন্ডির রবীন্দ্রসরোবর মঞ্চে তাদের ঐতিহ্যবাহী বর্ষবরণের অনুষ্ঠান করছে না। জোটের সভাপতি গোলাম কুদ্দুছ প্রথম আলোকে বলেন, ‘জোটের অনুষ্ঠান শুরুর সময় বেলা তিনটা। অনুষ্ঠান শুরু করতে আরও ৫-১০ মিনিট চলে যায়। জোটের এত শিল্পী ও সংগঠন, সময় দুই ঘণ্টার কম। কাজেই আমরা অনুষ্ঠান না করার সিদ্ধান্ত নিয়েছি।’

এ বিষয়ে মুক্তিযোদ্ধা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দীন ইউসুফ প্রথম আলোকে বলেন, ‘সারা দেশের সাংস্কৃতিক কর্মীরা প্রশাসন ও মৌলবাদী গোষ্ঠীর দ্বিমুখী চাপে রয়েছেন। মঙ্গল শোভাযাত্রা ও নববর্ষ উৎসবের বিরুদ্ধে যে প্রচারণা চালানো হচ্ছে, লিফলেট বিতরণ করা হচ্ছে, তা একটি অশনিসংকেত বলে আমরা মনে করি। এই শোভাযাত্রা দেশের, জাতির, বিশ্বের সব মানুষের কল্যাণ ও শান্তির আহ্বান নিয়ে একটি পদযাত্রা। এর সঙ্গে ধর্মের কোনো বিরোধ বা সম্পর্ক নেই। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জঙ্গি দমনে সম্প্রতি যে ভূমিকা রাখছে, তাতে আমরা সন্তুষ্ট। তবে জনসাধারণের উৎসবকে সীমিত করার চেষ্টা কেউ করলে তা ঠিক হবে না।’

নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার প্রথম আলোকে বলনে, ‘রমনার বটমূলে ২০০১ সালে ছায়ানটের অনুষ্ঠানে বোমা হামলার পরও অনুষ্ঠান হয়েছে, এখনো হচ্ছে। কাজেই সংস্কৃতিকর্মীরা অপশক্তির কাছে পরাভব মানবেন না।’

মঙ্গল শোভাযাত্রার আয়োজক ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ। বিরুদ্ধ প্রচার সত্ত্বেও বিপুল উৎসাহে ছাত্র-শিক্ষকদের উদ্যোগে চলছে শোভাযাত্রার প্রস্তুতি। অনুষদের ডিন শিল্পী নিসার হোসেন প্রথম আলোকে বলেন, ‘বলা হচ্ছে, মঙ্গল শোভাযাত্রার প্রতীকগুলোর কাছে আমরা মঙ্গল কামনা করি। কিন্তু আমরা মঙ্গল শোভাযাত্রায় প্রতিবছরই কতগুলো যুদ্ধাপরাধী, শয়তানের প্রতীক তৈরি করি। তাদের গলায় জুতার মালা দিয়ে দড়ি ধরে টানা হয়। নিশ্চয়ই আমরা এসব শয়তানের কাছে মঙ্গল কামনা করি না। আমরা বরং এসব শয়তানকে দেশ থেকে অপসারিত করতে চাই। এর সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই।’

সাংস্কৃতিক নেতারা বলছেন, মঙ্গল শোভাযাত্রা সারা দেশেই হবে। সরকারকে এর নিরাপত্তা দিতে হবে। এ ব্যাপারে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর প্রথম আলোকে বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিষ্কার করে বহুবার ঘোষণা দিয়েছেন, জঙ্গিবাদ ঠেকানোর জন্য সাংস্কৃতিক চর্চাকে উৎসাহিত করতে হবে। পরিধি বাড়াতে হবে। জঙ্গিবাদ দমন বর্তমান সরকারের অগ্রাধিকারপ্রাপ্ত নীতি। শুধু রাজনৈতিক আন্দোলন করে জঙ্গিবাদ দমন করা যাবে না। যারা জঙ্গিবাদকে উৎসাহিত করতে চায়, তাদের কঠোরভাবে দমন করা হবে।’