বর্ষবরণের ঘটনায় গ্রেপ্তার যুবক কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভিডিও ফুটেজ দেখে এ আটজনকে বর্ষবরণে নারী লাঞ্ছনাকারী হিসেবে শনাক্ত করে পুলিশ। ছবিটি পুলিশের পক্ষ থেকে সরবরাহ করা।
ভিডিও ফুটেজ দেখে এ আটজনকে বর্ষবরণে নারী লাঞ্ছনাকারী হিসেবে শনাক্ত করে পুলিশ। ছবিটি পুলিশের পক্ষ থেকে সরবরাহ করা।

পয়লা বৈশাখে বর্ষবরণের উৎসবে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নারী লাঞ্ছনার ঘটনায় সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার মো. কামালকে কারাগারে পাঠানো হয়েছে। আজ রোববার দুই দিনের রিমান্ড শেষে তাঁকে আদালতে নেওয়া হলে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পয়লা বৈশাখে বর্ষবরণের উৎসবে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নারী লাঞ্ছনার ঘটনায় সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার মো. কামালকে আজ রোববার কারাগারে পাঠায় আদালত। ছবিটি ঢাকা মহানগর মুখ্য হাকিম আদালত এলাকা থেকে তোলা হয়েছে। ছবি: প্রথম আলো

আদালত সূত্র জানায়, গত বুধবার সন্ধ্যায় পুরান ঢাকার খাজে দেওয়ান প্রথম লেনের নিজ বাসার সামনে থেকে কামালকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরদিন তাঁকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে আবেদন করে দুই দিনের রিমান্ডে নেয় পুলিশ। গতকাল শনিবার তাঁর রিমান্ড শেষ হয়। আজ সকালে ডিবি তাঁকে ঢাকা মহানগর মুখ্য হাকিম আদালতে নিয়ে যায়। তাঁর কাছ থেকে স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করার জন্য আদালতে আবেদন করে ডিবি। কিন্তু গ্রেপ্তার হওয়া কামাল জবানবন্দি দিতে অস্বীকৃতি জানান। তখন আদালতের বিচারক মোহাম্মদ নুরু মিয়া তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গত বছরের ১৪ এপ্রিল বাংলা বর্ষবরণ উৎসব চলাকালে নারী লাঞ্ছনার ঘটনা ঘটে। গোয়েন্দা পুলিশ জানিয়েছে, ঘটনার পর শাহবাগ থানায় অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে একটি মামলা হয়। পুলিশ সিসিটিভি ক্যামেরা দেখে ঘটনার সঙ্গে জড়িত মোট আটজনকে শনাক্ত করে। তাদের ছবিও প্রকাশ করা হয়। ধরিয়ে দিতে প্রত্যেকের ক্ষেত্রে এক লাখ টাকা পুরস্কারও ঘোষণা করা হয়। কিন্তু ঘটনার প্রায় নয় মাস পর প্রথম কাউকে গ্রেপ্তার করা হয়।

অবশ্য কাউকে গ্রেপ্তার করতে না পারায় এই মামলার চূড়ান্ত প্রতিবেদন সম্প্রতি আদালতে জমা দেওয়া হয়েছে।