বর্ষবরণের নিরাপত্তায় ১০ হাজার পুলিশ
খ্রিষ্টীয় বছরের শেষ দিন আজ। ইতিমধ্যে সবাই জেনে গেছেন এবারের বর্ষবরণের নিরাপত্তার কড়াকড়ির কথা। পুলিশ বলছে, নিরাপত্তার প্রশ্নে ছাড় দেওয়া হবে না।
বছরের শেষ দিকে জঙ্গি হামলার বিষয়টি আতঙ্কিত করেছে সবাইকে। এমনকি বর্ষবরণের অনুষ্ঠানেও এ রকম আশঙ্কা থেকে নিরাপত্তার বিষয়ে কঠোর হতে সরকারের উচ্চ পর্যায় থেকে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। সন্ধ্যার পরে প্রকাশ্যে বর্ষবরণের সব রকমের অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। তারকা হোটেল বা ক্লাবে যেসব অনুষ্ঠান হবে, সেগুলোতেও কর্তৃপক্ষের নিজস্ব নিরাপত্তা নিশ্চিত করতে বলেছে পুলিশ। বর্ষবরণের সময় শুধু ঢাকাতেই ১০ হাজার সদস্য মোতায়েন থাকবে।
পুলিশের পক্ষ থেকে তাদের নিরাপত্তার যেসব প্রস্তুতি নিতে বলা হয়েছে তা হলো অনুষ্ঠান আয়োজনকারী কর্তৃপক্ষকে অবশ্যই নিজস্ব নিরাপত্তাকর্মী, নিরাপত্তা তদারককারী কর্মকর্তা, আর্চওয়ে, মেটাল ডিটেক্টর, গাড়ি ও ব্যাগ তল্লাশির যন্ত্র এবং ওই জায়গার চারপাশে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করতে হবে। অনুষ্ঠান শুরুর আগে ৩১ ডিসেম্বর বেলা তিনটার মধ্যে হোটেল বা ক্লাবের প্রতিটি কক্ষ তল্লাশি করতে হবে। হোটেলে অবস্থানরত সব অতিথির তালিকা পুলিশকে দিতে হবে। হোটেল বা ক্লাব কর্তৃপক্ষ নিজস্ব লোক দিয়ে অতিথিদের গতিবিধির ওপর নজর রাখবে, সন্দেহভাজন অতিথির তথ্য পুলিশকে দেবে। এমনকি বাথরুম ও হোটেলের রান্নাঘরেও বিশেষ নজর রাখতে বলা হয়েছে।
পুলিশ জানিয়েছে, ৩১ ডিসেম্বর সকাল থেকেই কঠোর নিরাপত্তাব্যবস্থা নিতে হবে। হোটেলে বা ক্লাবে বর্ষবরণের অনুষ্ঠানে যোগ দিতে আসা আসা প্রত্যেক অতিথিকে (পরিচয় যাই হোক না কেন) আর্চওয়ে ও মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষার পরে হাতে শরীরের মাথা থেকে পা তল্লাশি করে ঢোকাতে হবে।
গতকাল ঢাকা মহানগরের পুলিশের জনসংযোগ বিভাগের দায়িত্বপ্রাপ্ত উপকমিশনার মারুফ হোসেন সরদার প্রথম আলোকে বলেন, থানা-পুলিশের পাশপাশি পর্যাপ্ত পুলিশ মোতায়েন থাকবে।