যুক্তরাষ্ট্রভিত্তিক সাময়িকী গ্ল্যামার-এর বর্ষসেরা নারী নির্বাচনের ক্ষেত্রে মনোনয়ন পেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর সঙ্গে বিভিন্ন দেশের আরও ১৭ জন এ বছর এই স্থানের জন্য মনোনয়ন পেয়েছেন। এঁরা সবাই রাষ্ট্র বা সরকারপ্রধান। ২০১০ সালে নারীর ক্ষমতায়নে অবদান রাখার জন্য এবার এই সম্মান জানানো হবে।সাময়িকীটির ওয়েবসাইটে গত মঙ্গলবার এ খবর প্রকাশ করা হয়। যুক্তরাষ্ট্রে বেশ জনপ্রিয় সাময়িকী এটি। ২০ বছর ধরে বর্ষসেরা নারী নির্বাচন করে আসছে গ্ল্যামার কর্তৃপক্ষ।এ বছর ‘উইমেন অব দ্য ইয়ার’ পুরস্কারের জন্য মনোনীত অন্যদের মধ্যে আছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল, আর্জেন্টিনার প্রেসিডেন্ট ক্রিস্টিনা ফার্নান্দেজ কির্চনার, লাইবেরিয়ার প্রেসিডেন্ট এলেন জনসন সারলিফ, লিথুয়ানিয়ার প্রেসিডেন্ট ডালিয়া গ্রেবয়স্কাইটে, স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী ইভেতা রাদিকোভা, কোস্টারিকার প্রেসিডেন্ট লরা চিনচিলা, আইসল্যান্ডের প্রধানমন্ত্রী জোয়ানা সিগুরকারডোটির, কিরগিজস্তানের প্রেসিডেন্ট রোজা ওতুনবায়েভা, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট টারজা হ্যালোনেন ও প্রধানমন্ত্রী ম্যারি জোহানা কিভিনিয়েমি, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ড, বসনিয়া ফেডারেশনের প্রেসিডেন্ট বোরজানা ক্রিস্টো প্রমুখ। উইমেন্স ভিউজ অন নিউজ অনলাইন।