বর্ষা আসছে, আতঙ্কে মনু ধলাই তীরের বাসিন্দারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্ষা আসছে। আর মনু ও ধলাই নদীর তীরবর্তী জনপদের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বাড়ছে। কারণ নদী দুটির দুই পাড়ের প্রায় অর্ধশত জায়গায় বাঁধ ঝুঁকিপূর্ণ অবস্থার মধ্যে রয়েছে। এলাকাবাসীর আশঙ্কা, নদীতে পানি বাড়লেই এসব জায়গায় বাঁধ ভেঙে এলাকা বন্যাকবলিত হয়ে পড়বে।এদিকে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানায়, মনু নদীর তলদেশ প্রায় এক মিটার ভরাট হয়ে যাওয়ায় চলতি বছর থেকে পানির বিপৎসীমার উচ্চতা প্রায় এক মিটার বাড়ানো হয়েছে।কুলাউড়া উপজেলার দাউদপুর গ্রামের বাসিন্দা ওয়াহিদ আলী চৌধুরী প্রথম আলোকে বলেন, তাঁদের এলাকায় প্রতিবছরই নদী ভাঙছে। এবার পানি বাড়লে বাঁধের যা অবশিষ্ট আছে, তাও থাকবে না। এলাকাবাসী জানান, দাউদপুর ও সুলতানপুর এলাকায় বাঁধ ভাঙলে এলাকার পাঁচ-ছয়টি গ্রামের প্রায় ১০ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হবে। সাধনপুর গ্রামের বাসিন্দা আবদুল বাছিত বলেন, শুষ্ক মৌসুমে বাঁধ মেরামতের কাজ শুরু করা হয় না। কাজ শুরু হয় বৃষ্টি শুরু হলে। এবার এখনো কাজ শুরু করা হয়নি। এতে মানুষ আতঙ্কিত।এদিকে রাজনগর উপজেলার হরিপাশা, উজিরপুর, কান্দিরকুল, একামধু, আদিনাবাদ, শ্বাসমহল, তারাপাশা, ভোলানগর, দস্তিদারের চর, খাস প্রেমনগর, চাটিকোনাগাঁও এবং কুলাউড়া উপজেলার রণচাপ, চকরণচাপ, দত্তগ্রাম, আলীনগর, খন্দকার গ্রাম, মিয়ারপাড়া, সন্দ্রাবাজ, বালিয়া, জালালপুর, মাহতাবপুর, হাসিমপুর, মন্দিরা, সাধনপুর এলাকায় মনু নদীর বাঁধ ঝুঁকিপূর্ণ অবস্থার মধ্যে রয়েছে। অন্যদিকে কমলগঞ্জ উপজেলার তিলকপুরে ধলাই নদীর বাঁধের ছয়টি স্থান, আলীপুর, কুমরাকাপন, মৌলভীবাজার সদর উপজেলার শ্যামেরকোনা এলাকায় বাঁধ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এলাকাবাসী বলেন, ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে কাজ শেষ করা হলে টেকসই হতো। কিন্তু এই সময়ে কাজ শেষ করা তো দূরের কথা, শুরু করাই হয় না। দরপত্রের প্রক্রিয়াই শুরু হয় জানুয়ারির পরে। যে কারণে অনেক সময় কাজ শেষ হওয়ার আগেই বর্ষা শুরু হয়ে যায়।কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল মালিক বলেন, ‘বর্ষা শুরুর আগে বাঁধের কাজ শেষ করা না হলে নির্ঘাত বন্যা হবে।’পাউবো মৌলভীবাজার কার্যালয় সূত্র জানায়, মনু ও ধলাই নদীর তীরবর্তী বাঁধের ৩১টি ঝুঁকিপূর্ণ স্থানে সংস্কারের জন্য দুটি ভাগে (গ্রুপে) গত ৯ ফেব্রুয়ারি প্রায় চার কোটি টাকার কাজের দরপত্র আহ্বান করা হয়। এই ৩১টি স্থানের মধ্যে মনু নদীতীরের ২১টি এবং ধলাই নদীতীরের ১০টি স্থান রয়েছে। জানা যায়, বরাদ্দপ্রাপ্তি সাপেক্ষে কাজ করা হবে—এই শর্তে দরপত্র আহ্বান করা হয়েছে। যে কারণে দরপত্রের প্রক্রিয়া সম্পন্ন হলেও আর্থিক বরাদ্দ না পাওয়ায় এখনো কার্যাদেশ দেওয়া হয়নি। এদিকে এলাকাবাসী জানান, ওই ৩১টি স্থানের বাইরেও বেশ কিছু ঝুঁকিপূর্ণ স্থান রয়েছে, যা এবারের বর্ষাতেই ভেঙে পড়তে পারে বলে তাঁদের আশঙ্কা।পাউবো সূত্র জানায়, মনু ও ধলাই উভয় নদীই খরস্রোতা এবং আকস্মিক বন্যাপ্রবণ। এ ছাড়া নদীতে প্রচুর বাঁক রয়েছে। বিভিন্ন স্থানে ভাঙন রোধে স্থায়ী প্রতিরক্ষা বাঁধ নির্মাণ করা দরকার। অন্যদিকে গত কয়েক বছরে মনু নদীর তলদেশে প্রায় এক মিটার পর্যন্ত বালু ও পলি ভরাট হয়েছে। মনু নদীর মনু রেলওয়ে সেতুর কাছে বন্যার বিপৎসীমা ছিল ১৭ দশমিক ০৭ মিটার। পাউবোর পানিবিজ্ঞান বিভাগ জরিপ শেষে এ বছর থেকে ওই স্থানে বিপৎসীমা নির্ধারণ করা হয়েছে ১৮ মিটার।পাউবো মৌলভীবাজার কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, ৩১টি স্থানে সংস্কারকাজের জন্য দরপত্র সম্পন্ন হয়েছে। কিন্তু কাজ বাস্তবায়নের জন্য আর্থিক বরাদ্দ এখনো পাওয়া যায়নি। এখন অর্থ বরাদ্দসহ কার্যাদেশ দেওয়ার অনুমতির জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লেখা হয়েছে। তিনি বলেন, কাজের উপযুক্ত সময় চলে যাচ্ছে। এ জন্য বরাদ্দ না এলেও মৌখিকভাবে ঠিকাদারদের কিছু কিছু জায়গায় কাজ শুরু করতে বলা হয়েছে।