বর্ষা এলেই উচ্ছেদের তোড়জোড় চলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের লালখান বাজার এলাকায় পাহাড়ের ঢাল ও পাদদেশে গড়ে ওঠা ঝুঁকিপূর্ণ বসতি। গতকাল বিকেলে তোলা ছবি l প্রথম আলো
চট্টগ্রামের লালখান বাজার এলাকায় পাহাড়ের ঢাল ও পাদদেশে গড়ে ওঠা ঝুঁকিপূর্ণ বসতি। গতকাল বিকেলে তোলা ছবি l প্রথম আলো

সিদ্ধান্তটি গত বছরের। বাস্তবায়ন করার কথাও ছিল গত বছর। সিদ্ধান্ত বাস্তবায়নে কিছুদিন তোড়জোড়ও চলে। তবে শেষ পর্যন্ত পাহাড়ের পাদদেশ থেকে ঝুঁকিপূর্ণ বসতি স্থায়ীভাবে উচ্ছেদ হয় না। তাই এ বছরও বর্ষা আসার আগে আবার টনক নড়েছে প্রশাসনের।
চট্টগ্রাম শহরের ৩০টি পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ বসতি রয়েছে—এ তথ্য জেলা প্রশাসনের। খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষের ঠিকানা এসব বসতি। পাহাড়ের ঢালে এবং তলে স্বল্প ও অধিক ঝুঁকিতে বসবাসকারী মানুষের সংখ্যা প্রায় ১০ লাখ। এর মধ্যে ১১টি পাহাড় থেকে অধিক ঝুঁকিপূর্ণ ৬৬৬টি পরিবারকে উচ্ছেদের সিদ্ধান্ত হয় গত বর্ষা মৌসুমে। কিছু পরিবারকে উচ্ছেদও করা হয়। কিন্তু উচ্ছেদের কয়েক দিন পর তারা আবার সেখানে বসতি গড়ে তোলে।
ঝুঁকিপূর্ণ বসতির ওই ৬৬৬টি পরিবারকে আবার উচ্ছেদের সিদ্ধান্ত হয়েছে এ বছর। চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে গঠিত শক্তিশালী পাহাড় ব্যবস্থাপনা কমিটির গত মে মাসের সভায় এ সিদ্ধান্ত হয়। কমিটি লালখান বাজার এলাকার মতিঝর্ণা টাংকির পাহাড়, বাটালি পাহাড়, প্রবর্তক পাহাড় এবং এ কে খান পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের অধিক ঝুঁকির তালিকায় রেখেছে। সিদ্ধান্ত অনুযায়ী ৮ জুনের মধ্যে তাঁদের পাহাড় থেকে সরে যাওয়ার কথা ছিল।
এ বিষয়ে চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন প্রথম আলোকে জানান, প্রশাসনের পক্ষ থেকে ওই সব এলাকায় মাইকিং করা হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধিদেরও বিষয়টি জানানো হয়েছে। কিন্তু লোকজন সরে না। তাই কাল রোববার থেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উচ্ছেদ অভিযান চালানো হবে। প্রথম দফায় ৬৬৬টি পরিবারকে উচ্ছেদ করা হবে। তারা তাদের মতো করে নিরাপদ আশ্রয় খুঁজে নেবে।
মেজবাহ উদ্দিন বলেন, ‘আমরা আপাতত উচ্ছেদ করব। স্থায়ী-অস্থায়ী কোনো প্রকার পুনর্বাসনের সিদ্ধান্ত নেই। এটি পরে ভাবা হবে।’
গতকাল শুক্রবার সরেজমিনে লালখান বাজারের টাংকির পাহাড়ের পাদদেশে গিয়ে দেখা যায়, কোনো পরিবার ঘর ছেড়ে যায়নি। অন্তত ২০০ ঘর রয়েছে সেখানে। কথা হয় একটি ঘরের বাসিন্দা পোশাককর্মী কুলসুমার সঙ্গে। তাঁর দাবি, বৃষ্টি হলেও এই পাহাড়ে কখনো বড় কোনো দুর্ঘটনা ঘটেনি। তাই তাঁরা কেউ ঘর ছাড়বেন না।
লালখান বাজার ওয়ার্ডের কাউন্সিলর এ এফ কবির আহমদ জানান, তাঁর ওয়ার্ডে পাহাড়ের পাদদেশে যেসব ঝুঁকিপূর্ণ বসতি রয়েছে, সেখান থেকে মানুষকে সরে যেতে বলা হয়েছে। এরপরও যদি কেউ থেকে যায়, তাহলে প্রশাসন উচ্ছেদ অভিযান চালাবে।
চট্টগ্রাম জেলা প্রশাসন সূত্র জানায়, ২০০৭ সালের ১১ জুন চট্টগ্রামের বিভিন্ন এলাকায় পাহাড়ধসে ১২৭ জন নিহত হন। পরের বছরও একই ধরনের দুর্ঘটনায় নিহত হন ১৪ জন। ২০১১ সালের মারা যান ১৭ জন এবং ২০১২ সালে ২৮ জন। এ ছাড়া আট বছর ধরে প্রতি বর্ষা মৌসুমেই পাহাড়ধসে প্রাণহানির ঘটনা ঘটছে।