প্রতিবছর বর্ষা এলে চট্টগ্রামে পাহাড় থেকে কিছু ঝুঁকিপূর্ণ বসতি উচ্ছেদ করা হয়। এই বছরও চলছে উচ্ছেদের উদ্যোগ। কিন্তু পাহাড়ধসে প্রাণহানি ঠেকাতে নেওয়া হয় না কোনো দীর্ঘমেয়াদি পদক্ষেপ।
২০০৭ সালের ১১ জুন চট্টগ্রামে পাহাড়ধসে নিহত হয় ১২৭ জন।
গত বছরের জুনে পাহাড়ে ঝুঁকিতে বসবাসকারী পরিবারগুলোকে সরিয়ে নেওয়ার তোড়জোড় শুরু হয়। সেবার অন্তত ৫০০ পরিবারকে উচ্ছেদ করা হয়। কিন্তু ১৮ জুলাই বায়েজিদ এলাকার আমিন কলোনিতে পাহাড়ধসে নিহত হয় তিনজন। একই বছরের ২১ সেপ্টেম্বর বায়েজিদ থানার মাঝিরঘোনা এলাকায় পাহাড়ধসে মা-মেয়ে মারা যায়। শক্তিশালী পাহাড় ব্যবস্থাপনা কমিটির করা ঝুঁকিপূর্ণ পাহাড়ের তালিকায় ছিল না পাহাড় দুটি।
সূত্র জানায়, শক্তিশালী পাহাড় ব্যবস্থাপনা কমিটি চট্টগ্রামের বিভিন্ন স্থানে ৩০টি পাহাড় চিহ্নিত করে, যেখানে ঝুঁকিপূর্ণভাবে লোকজন বসবাস করছে। এসব পাহাড়ে স্বল্প ও বেশি ঝুঁকিতে বসবাসকারী মানুষের সংখ্যা কম-বেশি ১০ লাখ বলে ধারণা করা হয়। স্থায়ী এবং কঠোর কোনো উদ্যোগ না থাকায় দিন দিন এ ধরনের ঝুঁকিপূর্ণ বসতি বাড়ছে।
চট্টগ্রামে পাহাড়ধসে এক দিনে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটে ২০০৭ সালের ১১ জুন। ওই ঘটনার পর গঠিত তদন্ত কমিটি পাহাড়ে মৃত্যু ঠেকাতে ৩৬ দফা সুপারিশ দেয়। একই ঘটনার পর আরেকটি প্রতিবেদন দেয় প্রকৌশলগত প্রতিরোধ কমিটি। ওই প্রতিবেদনে দুর্ঘটনা এড়াতে ৩০ দফা সুপারিশ করা হয়।
সুপারিশগুলোর মধ্যে রয়েছে পাহাড় দখলমুক্ত করে বনায়ন করা, ঝুঁকিতে বসবাসকারীদের পুনর্বাসন করা, পাহাড় কাটা রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ, পাহাড় ইজারাদান এবং দখল বন্ধ করা।
জানতে চাইলে শক্তিশালী পাহাড় ব্যবস্থাপনা কমিটির সদস্যসচিব মো. আবদুল জলিল বলেন, ‘বৃষ্টি হলে আমরা তো ঘরে বসে থাকি না। লোকজনকে সরাতে আমরাও পাহাড়ের পাদদেশে চলে যাই। এবারও আমরা একটি তালিকা করে পাহাড়ে অধিক ঝুঁকিতে থাকা বাসিন্দাদের সরিয়ে নেব। আগামী সপ্তাহে সভা ডেকেছি। ওই সভায় করণীয় নির্ধারণ করা হবে।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মানুষের মধ্যে সচেতনতা নেই। একদিক থেকে তুলে দিলে অন্যদিকে গিয়ে আবার ঘর বাঁধে। কিংবা বৃষ্টি কমলে আবার গিয়ে একই জায়গায় বসবাস শুরু করে।
গতকাল শুক্রবার সরেজমিনে নগরের মতিঝর্না পাহাড় ও টাংকির পাহাড়ে দেখা যায়, এখনো পাহাড়ে ঝুঁকিতে নিয়ে হাজারো মানুষ বসবাস করছে। গত বছর টাংকির পাহাড় এলাকার যে জায়গা থেকে বসতি উচ্ছেদ করা হয়েছিল, সেখানে আবারও বসতি গড়ে তোলা হয়েছে।
স্থানীয় বাসিন্দা মো. নুরুন্নবী বলেন, বৃষ্টি কমলেই মানুষ আবার চলে আসে। দিন দিন এ ধরনের বসতি বাড়ছে। কারণ, স্বল্প ভাড়ায় এখানে থাকা যায়। তিনি বলেন, এক হাজার থেকে দুই হাজার টাকার মধ্যে এখানে ঘর ভাড়া পাওয়া যায়।
মতিঝর্না এলাকার পাঁচ নম্বর গলিতে দেখা যায়, পাহাড়ের গা ঘেঁষে সদ্য নির্মাণ করা হয়েছে কয়েকটি ঘর। এ জন্য কাটা হয়েছে পাশের পাহাড়ও।
২০১১ সালের ১ জুলাই বৃষ্টির সময় বাটালি পাহাড়ের প্রতিরোধ দেয়াল ও ভূমিধসে ১৭ জন মারা যায়। ওই ঘটনার পর সেখান থেকে সব বাসিন্দাকে উচ্ছেদ করা হয়। গতকাল দেখা যায়, সেখানে দেয়ালের পাশ ঘেঁষে বসবাস করছে বেশ কয়েকটি পরিবার। ২০১১ সালের ১ জুলাইয়ের পাহাড়ধসে ঘর ভেঙে গিয়েছিল সেলিম নামের এক ব্যক্তির। কিন্তু তিনিও ওই জায়গা ছাড়েননি।
জানতে চাইলে সচেতন নাগরিক কমিটির চট্টগ্রামের আহ্বায়ক প্রকৌশলী দেলোয়ার মজুমদার বলেন, পাহাড় ধসের পর পুনর্বাসন, ঝুঁকিপূর্ণ বসতি চিহ্নিত করা এবং সেগুলো স্থায়ীভাবে উচ্ছেদ করাসহ দীর্ঘমেয়াদি নানা সুপারিশ করা হয়েছিল। কিন্তু এগুলো কিছুই বাস্তবায়িত হয়নি। এখন কেবল বর্ষা এলে একটু তোড়জোড় চলে। তিনি বলেন, যেসব পাহাড়ে লোকজন ঝুঁকিতে বাস করছে, সেগুলোর বেশির ভাগই সরকারি। প্রভাবশালী লোকজন বাসা বানিয়ে নিম্ন আয়ের লোকজনের কাছে ভাড়া দিচ্ছে। নিম্ন আয়ের লোকজন নিরুপায় হয়ে কম ভাড়ায় সেখানে থাকছে। এটা ঠেকাতে হলে স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। পাশাপাশি পাহাড়ে যাতে নতুন করে কেউ বসতি গড়তে না পারে, সেটাও নিশ্চিত করতে হবে।
জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন বলেন, ‘এবার বর্ষায় আমরা আরও কঠোর হব। গতবারের মতো এবারও উচ্ছেদ অভিযান চলবে। আগামী সপ্তাহের সভায় কঠোর সিদ্ধান্ত নেওয়া হবে।’ তিনি বলেন, স্থায়ী পুনর্বাসনের ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত নেই।