বর্ষা এলেই শুরু হয় উন্নয়নকাজের তোড়জোড়। এ সময় বৃষ্টির কারণে কাজ যেমন টেকসই হয় না, তেমনি বাড়ে জনদুর্ভোগ। তবু বছরের পর বছর ধরে সরকারি বিভিন্ন সংস্থার উন্নয়নকাজ এই সময়েই শুরু হয়। এ অবস্থার পরিবর্তন দরকার। দেশের আবহাওয়ার সঙ্গে সমন্বয় রেখে উন্নয়নকাজ শুরু করার জন্য দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত।গতকাল বুধবার মৌলভীবাজার সার্কিট হাউসে ‘পাবলিক প্রকিউরমেন্ট-বিষয়ক ফিউচার সার্চ’ শীর্ষক কর্মশালায় বক্তারা এসব কথা বলেন।সরকারি ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে আরও সক্ষমতা, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চত করার জন্য সামাজিক সচেতনতা ও যোগাযোগ কার্যক্রমের অংশ হিসেবে এই কর্মশালার আয়োজন করা হয়। পরিকল্পনা মন্ত্রণালয়ের ইমপ্লিমেন্টেশন মনিটরিং ও ইভালুয়েশন ডিভিশনের (আইএমইডি) অন্তর্ভুক্ত সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিকেল ইউনিটের (সিপিটিইউ) বাস্তবায়নাধীন পাবলিক প্রকিউরমেন্ট রিফর্ম প্রজেক্ট-২ এই কর্মশালার আয়োজন করে। মৌলভীবাজারের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. আবদুল বারিকের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জর্জেচ মিয়া। স্বাগত বক্তব্য দেন প্রকিউরমেন্ট কনসালটেন্ট মো. আফিল উদ্দিন। অনুষ্ঠান সঞ্চালন করেন বাংলাদেশ সেন্টার ফর কমিউনিকেশন প্রোগ্রামের (বিসিসিপি) জ্যেষ্ঠ কর্মসূচি কর্মকর্তা বাদল হালদার ও মারুফা খানম।এতে স্থানীয় প্রশাসন, টার্গেট এজেন্সি (স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, সড়ক ও জনপথ বিভাগ, গণপূর্ত বিভাগ ও পল্লী বিদ্যুৎ সমিতি) ও সরকারি ক্রয়সংক্রান্ত সংস্থাগুলোর প্রতিনিধি, চুক্তিকারী, সুশীল সমাজ ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা অংশ নেন।বক্তারা বলেন, জুন মাস এলে সড়ক নির্মাণ, সংস্কারসহ বিভিন্ন ধরনের উন্নয়নকাজ শেষ করার জন্য তাড়াহুড়ো শুরু হয়। তখন বর্ষা চলে আসে। বছরের শেষ সময়ে বরাদ্দ পাওয়ায় সেই বরাদ্দ সময়মতো কাজে লাগানো কঠিন হয়ে পড়ে। এতে করে কাজের মান ঠিক থাকে না। অথচ দেশের জলবায়ু সম্পর্কে দেশের সবাই অবগত। জলাবয়ুর সঙ্গে উন্নয়নকাজের সমন্বয় করা হচ্ছে না। অবিলম্বে এ অবস্থার পরিবর্তন করা উচিত। এই কাজ জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসে শেষ করা হলে টেকসই ও সময়োপযোগী হয়।