বর্ষা বিদায় ও শরৎ বরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিইউ ফ্রেন্ডসের বর্ষা বিদায় ও শরৎ​ বরণ অনুষ্ঠানে গান পরিবেশন করছেন এক শিল্পী
সিইউ ফ্রেন্ডসের বর্ষা বিদায় ও শরৎ​ বরণ অনুষ্ঠানে গান পরিবেশন করছেন এক শিল্পী

কখনো বর্ষার বিদায়ে ঘনঘটা, কখনো শরতের আগমন ধ্বনি। গান, নাচ, আবৃত্তি ও কথামালায় অন্য রকম এক সন্ধ্যা। ২০ আগস্ট শনিবার সন্ধ্যা ছয়টায় আনন্দ–উচ্ছ্বাসে ভেসে ছিল থিয়েটার ইনস্টিটিউট প্রাঙ্গণ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের ফেসবুকভিত্তিক সংগঠন সিইউ ফ্রেন্ডসের উদ্যোগে আয়োজন করা হয় বর্ষা বিদায় ও শরৎবরণ অনুষ্ঠানের।

মো. শাহীদুর রহমান, জামিলা রহমান ও নাওরিন করিমের সঞ্চালনায় শুরুতে ছিল কথামালা। বক্তব্য দেন সংগঠনের সমন্বয়ক শিল্পী শাহরিয়ার খালেদ। এরপর রোকসানা ইসলামের সভাপতিত্বে সংক্ষিপ্ত সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহ–উপাচার্য শিরীণ আখতার।

কথামালার পর কবি জিন্নাহ চৌধুরী আবৃত্তি করেন তাঁর স্বরচিত কবিতা ‘বর্ষাকালে রিকশা চড়ে’। এরপর মঞ্চে রফিক আজাদের কবিতা ‘যদি ভালোবাসা পাই’ আবৃত্তি করেন রাশেদ হাসান। এই কবিতাটি ছাড়াও তিনি আবৃত্তি করেন চারটি কবিতা। পিনপতন নীরবতায় আবৃত্তি শোনেন শ্রোতারা।

এবার গান। রবীন্দ্রসংগীত শিল্পী লাকী দাশ গাইলেন, ‘আমার নয়ন–ভুলানো এলে’, ‘আজি ঝরো ঝরো মুখর বাদরদিনে’ ও ‘পাগলা হাওয়ার বাদল–দিনে’। গানের পর মঞ্চে মাতান নৃত্যশিল্পী শুভ্রা সেনগুপ্তা ও তাঁর দল। তাঁরা পরিবেশন করেন ‘মন ময়ূরীকে নাচাতে’ ও ‘দেখেছ কী তাকে’। এই নৃত্যটিও বেশ উপভোগ্য ছিল। এরপর শিল্পী শুভ্রা বিশ্বাস পাঠ করেন কাজী নজরুল ইসলামের ‘রাজবন্দীর চিঠি’ ও সুনীল গঙ্গোপাধ্যায়ের ‘না পাঠানো চিঠি’।

আবৃত্তির পর আবারও গান। শিল্পী মন্দিরা চৌধুরী নজরুলের ‘শাওন রাতে যদি’ দিয়ে পরিবেশনা শুরু করে একে একে গাইলেন ‘ও বাঁশি কেন গায়’, ‘আকাশ এত মেঘলা’ ও ‘এ শুধু গানের দিন’।

এদিকে ঘড়ির কাঁটাও ঘুরছে। এই ফাঁকে মঞ্চে এলেন শিল্পী শাহরিয়ার খালেদ। তিনি শুরু করলেন হেমন্ত মুখোপাধ্যায়ের গান দিয়ে—‘এই মেঘলা দিনে একলা’। এরপর গাইলেন ‘ওগো বরষা তুমি ঝোরো না গো অমন জোরে’, ‘সজনীগো যদি এলে’ ও ‘রিমঝিম ঝিম বৃষ্টি পড়ে’। এই গানের শেষে পুরো মিলনায়তন যেন বর্ষার আনন্দবানে ভাসছিল। এবার খালি গলায় গাইলেন অধ্যক্ষ আইউব ভূঁইয়া ‘শাঙন গগনে ঘোর ঘনঘটা’। এরপর স্বরচিত কবিতা পাঠ করলেন ফখরুদ্দিন রোটন। সবশেষে মঞ্চে এলেন শিল্পী ইকবাল হায়দার। তিনি গাইলেন ‘বুকটা ভরা তৃষ্ণা দিলি’, ‘ঝড় পরের যে লোসা লোসা,’ ও ‘আমার বন্ধু দয়াময়’। অবশেষে ভাঙল সুর ও ছন্দের মিতালি।