ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) নিয়ম অনুযায়ী, মে মাসের পর ঢাকার রাস্তা খোঁড়ায় নিষেধাজ্ঞা থাকলেও শংকর এলাকার একটি সড়কে ড্রেনেজ লাইনের পাইপ বদলানোর কাজ শুরুই হয়েছে ৫ জুন। বৃষ্টির মৌসুমে রাস্তা খোঁড়ায় বহু মানুষকে ভোগান্তি পোহাতে হচ্ছে।এদিকে বিভিন্ন কাজে রাস্তা খোঁড়াখুঁড়ির কারণে বিপর্যস্ত মোহাম্মদপুর ও উত্তরাসহ রাজধানীর বিভিন্ন স্থানে কাজ শেষ হতে পুরো জুন মাস লেগে যাবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।নিয়মমতো, খুব জরুরি হলেই কেবল ডিসিসি সেবা সংস্থাগুলোকে নির্ধারিত সময়ের বাইরে রাস্তা খোঁড়ার অনুমতি দিতে পারে। ধানমন্ডির শংকর এলাকার মানুষের বক্তব্য, এ কাজটি এখন খুব জরুরি ছিল না। তাদের মতে, এলাকার জলাবদ্ধতার সমস্যাও এত গুরুতর নয়। খোঁজ নিয়ে জানা যায়, শংকরের চেয়ারম্যান গলি নামের সড়কে পুরোনো ড্রেনেজ পাইপ বদলানোর জন্য রাস্তা খোঁড়া হচ্ছে। আগের ১৮ ইঞ্চি পাইপ তুলে বসানো হবে ২৪ ইঞ্চি। কিন্তু এই ব্যাসার্ধের পাইপ বসিয়ে লাইনে বৃষ্টির পানি প্রবাহের ক্ষমতা খুব একটা বাড়বে না বলে ওয়াসারই কর্মকর্তারা মনে করেন। স্থানীয় বাসিন্দারা জানায়, এলাকার ড্রেনেজ লাইন ময়লা বা মাটি জমে জমে প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। সেগুলো নিয়মিত পরিষ্কার বা সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করা হলে পাইপলাইন বদলানোর প্রয়োজন হতো না। আবদুর রব নামের এক ব্যক্তি বলেন, এলাকাটি তুলনামূলক উঁচু হওয়ায় বর্ষায় সাধারণত বড় জলাবদ্ধতা হয় না। এবারও হচ্ছে না। অনেকেই অভিযোগ করলেন, এখন পাইপ পরিবর্তন করলে হয়তো ওয়াসা ও সিটি করপোরেশনের একশ্রেণীর কর্মকর্তা ও ঠিকাদার লাভবান হবেন। কিন্তু এলাকাবাসীর দুর্ভোগ এবং সরকারের অর্থের অপচয় হয়। স্থানীয় বাসিন্দাদের মনোভাব জানিয়ে এর পরও কেন পাইপ বদলানো হচ্ছে—এ প্রশ্ন করা হলে ওয়াসার ড্রেনেজ বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এ কে এম শহীদ উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘এখানে জলাবদ্ধতা হয় বলেই ড্রেনেজ লাইন প্রতিস্থাপন করা হচ্ছে।’বেঁধে দেওয়া সময় শেষ হওয়ার পর কেন কাজে হাত দেওয়া হলো—এই প্রশ্নে তিনি বলেন, বিশ্বকাপ ক্রিকেটের কারণে এবার দেরিতে কাজ শুরু করতে হয়েছে।শংকরের রাস্তা দিয়ে আরেকটি জনবহুল এলাকা রায়েরবাজারে যাতায়াত করে বহু মানুষ। এলাকাবাসী জানায়, রাস্তা খোঁড়ার কারণে এলাকাজুড়ে ব্যাপক যানজট হচ্ছে। রাস্তার যেখানে-সেখানে পাইপ ফেলে রাখা হয়েছে। তত্ত্বাবধায়ক প্রকৌশলী শহীদ উদ্দিন বলেন, সাময়িক অসুবিধা হলেও এলাকাবাসীর সুবিধার জন্যই রাস্তা খোঁড়া এবং পাইপ বদলানোর কাজ হচ্ছে। এখানে অপ্রয়োজনে বা সাজানো সংকট সৃষ্টি করে কোনো কাজ করা হচ্ছে না।ডিসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার আবুল হোসেন প্রথম আলোকে বলেন, নিয়ম অনুযায়ী জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত রাস্তা না খোঁড়ার জন্য বিভিন্ন সংস্থাকে বলা হয়েছে। কোথাও পানি সরবরাহ বন্ধ হয়ে গেছে, অনেক গ্রাহক কষ্ট পাচ্ছে—এমন অবস্থার সৃষ্টি হলে বিষয়টিকে ‘অতি জরুরি’ বিবেচনা করে হয়তো রাস্তা খোঁড়ার অনুমতি দেওয়া যায়। প্রধান প্রকৌশলী বলেন, শংকরের বিষয়ে তিনি খোঁজ নেবেন। সাবেক প্রকৌশল ছাত্রদের স্থানীয় সংগঠন ‘বুয়েট ৮৭ ফাউন্ডেশন’-এর কয়েকজন নেতা প্রথম আলোকে বলেন, রাতে কাজ করলে দিনের বেলায় জনদুর্ভোগ অনেকটা কমানো সম্ভব। আর দিনে গর্তের ওপর লোহার পাত বসিয়ে দিলে মানুষ যাতায়াত করতে পারত। কিন্তু বিষয়টি ওয়াসা বা ঠিকাদারের লোকদের বোঝানো যায়নি। এদিকে রাজধানীর কচুক্ষেত, মোহাম্মদপুর, লালমাটিয়া এবং উত্তরার কিছু অংশে রাস্তা খোঁড়ার কাজ শেষ হতে পুরো জুন মাস লাগবে বলে ঢাকা ওয়াসা সূত্র জানিয়েছে। বিশেষ করে মোহাম্মদপুরে এ মাসেও সব কাজ শেষ হবে না। আপাতত কিছু কাজ শেষ করে পরে আবার অক্টোবরে ধরা হবে।