বর্ষাকালজুড়ে পানিবন্দী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় বর্ষাকালের বেশির ভাগ সময় নোয়াখালী জেলা শহরের বেশ কয়েকটি এলাকা পানিতে ডুবে থাকছে।
এতে ব্যাপক ভোগান্তির শিকার হচ্ছেন সংশ্লিষ্ট এলাকাগুলোর বাসিন্দারা। তাঁরা জানান, শহরের ভেতর দিয়ে প্রবাহিত খাল ও নালা ভরাট হয়ে যাওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন ধরে ওই খাল ও নালা সংস্কার করা হচ্ছে না।
গতকাল রোববার সরেজমিনে দেখা গেছে, শহরের হরিনারায়ণপুর, দত্তেরহাট, রশিদ কলোনি, কাজী কলোনি, কৃষ্ণরামপুর, সরকারি মহিলা কলেজ এবং ল ইয়ার্স কলোনির পাড়া-মহল্লার রাস্তা ও বাড়ির গলির পথগুলোর বেশির ভাগই পানিতে ডুবে রয়েছে।
এসব এলাকার বাসিন্দারা জানান, তাঁদের এলাকায় বৃষ্টির পানি নিষ্কাশনের তেমন কোনো ব্যবস্থাই নেই। আগে যেসব নালা ছিল, সেগুলোর বেশির ভাগই ভরাট হয়ে গেছে।
নালাগুলো দীর্ঘদিন ধরে সংস্কার করার কোনো উদ্যোগ নেয়নি পৌর কর্তৃপক্ষ। আর এ কারণে বর্ষা এলে শহরের নিচু এলাকার বাসিন্দারা চরম দুর্ভোগ পোহান।
বর্ষাকালের বেশির ভাগ সময়ই এসব এলাকা জলাবদ্ধ থাকে। অনেক সময় ঘরবাড়িতেও পানি ঢুকে যায়।
ল ইয়ার্স কলোনির হরিনারায়ণপুর সড়কের পাশের বাসিন্দা মঞ্জুরুল আলম বলেন, তাঁর বাড়ির সামনের পৌরসভার সড়কটি প্রায় এক মাস ধরে পানিতে ডুবে আছে।
গত কয়েক দিনের বৃষ্টিতে বাড়িতেও পানি উঠেছে। হরিনারায়ণপুর বাজারের পাশের বাসিন্দা গৃহবধূ রোকেয়া আক্তার বলেন, বর্ষা এলে প্রতিবছর তাঁদের দিনের পর দিন পানিবন্দী থাকতে হয়। কেনাকাটার জন্য পৌরবাজারে যেতে ২০ টাকার রিকশাভাড়া ৬০ টাকা পর্যন্ত গুনতে হয়। ভাড়া বেশি দেওয়ার প্রস্তাব দিলেও অনেক রিকশাচালক পানি মাড়িয়ে যেতে চান না।
বর্ষায় নাগরিকদের দুর্ভোগের কথা স্বীকার করে পৌর মেয়র হারুনুর রশিদ আজাদ প্রথম আলোকে বলেন, নিচু ওই এলাকাগুলোর বৃষ্টির পানি একসময় খাল দিয়ে নদীতে গিয়ে পড়ত। এ ছাড়া পানি নিষ্কাশনের নালাগুলোও ভরাট হয়ে গেছে। খাল ও নালা দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় এখন শহরের নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে। অর্থের অভাবে ওই খাল ও নালা সংস্কার করা যাচ্ছে না।