বর্ষাকালে মানুষের সীমাহীন দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের গোপালপুর মোড় থেকে শিংরইল হয়ে ইলা মিত্রের তেভাগা আন্দোলনের স্মৃতিবিজড়িত কুসমাডাঙ্গা পর্যন্ত সাড়ে পাঁচ কিলোমিটার কাঁচা রাস্তাটি পাকা না করায় এলাকার কয়েক হাজার মানুষ সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছে।

শিংরইল গ্রামের পল্লি চিকিৎসক শচীন্দ্র নাথ মাহাতো, স্কুলশিক্ষক মঙ্গল চন্দ্র দাস ও আজিজুল হক জানান, এ রাস্তা দিয়ে প্রতিদিন শত শত মানুষ চলাচল করে। এলাকার কয়েক হাজার একর জমির ধানসহ বিভিন্ন ফসল, সার ও বীজ পরিবহন করা হয়। বর্ষাকালে কৃষকের সার, বীজ ও ফসল পরিবহন এবং মানুষের চলাচলে দুর্ভোগের সীমা থাকে না। এ ছাড়া রোগীদের নিয়ে দারুণ সমস্যায় পড়তে হয়।

শচীন্দ্র নাথ মাহাতো জানান, এক সপ্তাহ আগে শিংরইল গ্রামের এক গর্ভবতী নারীকে ভ্যানে করে নাচোল উপজেলা হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথেই সন্তান প্রসব হয়ে যায়। এর আগে গরুর গাড়িতে করে নিয়ে যাওয়ার পথে আরেক নারীর ক্ষেত্রেও একই ঘটনা ঘটে। এ ছাড়া বহু শিক্ষার্থীকে এ পথে উপজেলা সদরে যেতে দুর্ভোগ পোহাতে হয়।

গ্রামের লোকজনের অভিযোগ, নির্বাচনের আগে ও পরে স্থানীয় সাংসদ জিয়াউর রহমান শিংরইল গ্রামে এসে রাস্তাটি পাকা করার প্রতিশ্রুতি দেন। কিন্তু প্রতিশ্রুতি রক্ষা করা হয়নি। এ ব্যাপারে গতকাল সোমবার মুঠোফোনে সাংসদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।