বর্ষাতেও ইলিশের দেখা নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইলিশের ভরা মৌসুমেও জেলেদের জালে মিলছে না রুপালি ইলিশ। বরগুনাসহ দক্ষিণাঞ্চলের নদ-নদী ও সাগরে হাজার হাজার জেলে প্রতিদিন জাল ফেললেও হতাশ হয়ে কিনারে ফিরছেন।
মৎস্য বিশেষজ্ঞদের মতে, জলবায়ু পরিবর্তন হওয়ায় ইলিশের পরিভ্রমণের সময় পরিবর্তিত হয়েছে। এতে মৌসুম থাকা সত্ত্বেও জালে ধরা দিচ্ছে না ইলিশ। তবে ঝোড়ো আবহাওয়াসহ বৃষ্টিপাত বাড়লেই ইলিশ পাওয়া যাবে।
জেলেরা জানান, তাঁরা গভীর বঙ্গোপসাগর ও সাগর মোহনা ছাড়াও বরগুনার বিষখালী, পায়রা, বলেশ্বর; সুন্দরবনসংলগ্ন পশুর, শিবশা, কাজিবাছা, বলেশ্বর, ভোলা, পারসিয়াসহ বিভিন্ন নদীতে ইলিশ ধরতে জাল ফেলছেন। ইঞ্জিনচালিত ট্রলার এবং নৌকা নিয়ে জেলেরা ইলিশের সন্ধানে হন্যে হয়ে ঘুরছেন। কিন্তু ইলিশের দেখা মিলছে না।
বরগুনার পাথরঘাটা উপজেলার ট্রলারমালিক দুলাল মিয়া জানান, জ্যৈষ্ঠ থেকে আশ্বিন পর্যন্ত ইলিশের ভরা মৌসুম। কিন্তু মৌসুমের প্রায় দুই মাস পার হলেও ইলিশ না পাওয়ায় তাঁরা দুশ্চিন্তার মধ্যে আছেন।
পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রের আড়তদার সগির হোসেন বলেন, বিগত বছরগুলোতে মৌসুমের এই সময়টায় পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্র থেকে হাজার হাজার মণ ইলিশ সরবরাহ হতো । কিন্তু এ বছর তার ছিটেফোটাও নেই।
পটুয়াখালীর কলাপাড়ার মহিপুর মৎস্য বন্দরের জেলে কাদের মাঝি জানান, ইলিশ মাছ ঝাঁক বেঁধে সোজাসুজি চলাচল করে। বাধা পেলে ইলিশ গতি পরিবর্তন করে। পটুয়াখালীর উপকূলীয় রাঙ্গাবালী, বড় বাইশদিয়া, গঙ্গামতীসংলগ্ন নদী মোহনায় এবং কুয়াকাটা ও বেহুলার চর থেকে গভীর সমুদ্রে বিশাল ডুবোচর পড়েছে। এ এলাকাগুলোতে কয়েক বছর আগেও মৌসুমে প্রচুর ইলিশ ধরা পড়ত। কিন্তু ডুবোচর পড়ায় উপকূলসংলগ্ন পয়েন্টগুলোতে এখন আর তেমন ইলিশ ধরা পড়ছে না।
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন সুলতান মাহমুদ প্রথম আলোকে বলেন, ‘মৌসুমের দেড় মাস চলে গেলেও ইলিশ না পাওয়ায় হতাশ হওয়ার কিছু নেই। এ ক্ষেত্রে আমাদের প্রাকৃতিক নিয়মের ওপরই নির্ভর করতে হবে। মনে হচ্ছে, সামুদ্রিক প্রতিবেশে বড় ধরনের পরিবর্তনের ফলে ইলিশের প্রজনন ও ধরার মৌসুমে বড় ধরনের পরিবর্তনের লক্ষণ এটা।’ তিনি আরও বলেন, ‘জলবায়ু পরিবর্তনের ফলে আমাদের ঋতুগুলোতেও আলাদা বৈচিত্র্য পরিলক্ষিত হচ্ছে। এর প্রভাবে মৌসুমের আগ-পিছ হচ্ছে। কয়েক বছর ধরে বর্ষা মৌসুম অনেকটা দেরিতে শুরু হচ্ছে। এটা ইলিশ ধরা না পড়ার ক্ষেত্রে একটা অন্যতম কারণ হতে পারে। শ্রাবণে ভারী বৃষ্টিপাত শুরু হলে ইলিশের প্রাচুর্য বাড়বে।’
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদের অ্যাকুয়াকালচার বিভাগের চেয়ারম্যান মো. লোকমান আলী বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে সাগরে ডুবোচর জেগেছে।
নদ-নদীর পানি হ্রাস পাচ্ছে। ফলে মাছের জীববৈচিত্র্য বিপর্যয়ের সম্মুখীন। বিশেষ করে প্রজননের সময় মিঠা পানিতে চলে আসে ইলিশ। কিন্তু ডুবোচরের পাশাপাশি বিভিন্ন পদার্থের কারণে নদীর পানিও দূষিত হচ্ছে। এ কারণে প্রজননের সময় মিঠা পানিতে আসতে না পাড়ায় ইলিশের প্রজননও হ্রাস পাচ্ছে। কমে যাচ্ছে ইলিশের সংখ্যা।