
‘বর্ষার মধ্যে কেন এই রাস্তা খোঁড়াখুঁড়ি? মানুষকে ইচ্ছা করে কেন এমন কষ্ট দেওয়া?’
মিরপুর ১১ নম্বর সেকশনের প্রধান সড়কে খোঁড়া বিশাল বিশাল গর্ত দেখিয়ে আলোক ডায়াগনস্টিক সেন্টারের কর্মচারী সোহানুর রহমান যখন এমন প্রশ্ন ছুড়ে দিচ্ছিলেন, তখন তাঁর চেহারায় তীব্র ক্ষোভের প্রকাশ স্পষ্ট হয়ে উঠেছিল। তাঁর মতো এমন ক্ষোভ এখন রাজধানীর অনেক এলাকার বাসিন্দার মনেই। গত শুক্রবার ও গতকাল শনিবার ঢাকার বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে, রাস্তা খোঁড়াখুঁড়ি করে চলাচলের অনুপযোগী করে রাখা। জমেছে বৃষ্টির পানি। চলাচল করতে গিয়ে নগরবাসীর দুর্ভোগ অবর্ণনীয়।
ঢাকায় বর্তমানে ওয়াসার বিশেষ একটি প্রকল্পে পানির ১ হাজার ৮০৫ কিলোমিটার পাইপলাইন বসানোর কাজ চলছে। এর মধ্যে ১ হাজার ১০০ কিলোমিটারের কাজ শেষ হয়েছে। বাকি পাইপ বসানোর জন্য খোঁড়াখুঁড়ি চলছে। তার ওপর আগের খোঁড়া সব রাস্তা মেরামত করা হয়নি। নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ের প্রভাবে গত কয়েক দিনের টানা বৃষ্টিতে এসব খোঁড়া রাস্তা অত্যন্ত বিপজ্জনক হয়ে পড়েছে। গতকালও ঢাকায় প্রায় সারা দিন কখনো গুঁড়ি গুঁড়ি, কখনো মাঝারি ধরনের বৃষ্টি হয়েছে। আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী সন্ধ্যা ছয়টা পর্যন্ত বৃষ্টি হয় ২৯ মিলিমিটার। এতে রাস্তাঘাটে জলাবদ্ধতা তো হয়ই, খোঁড়া গর্তগুলো পানির নিচে ডুবে থেকে বিপদ আরও বাড়িয়ে তোলে।
ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনের নিয়ম হচ্ছে, মে থেকে সেপ্টেম্বর মাস যেহেতু বর্ষা মৌসুম, তাই এ সময়ে খোঁড়াখুঁড়ি করা যাবে না। কিন্তু ওয়াসা সেই নিয়ম মানছে না। নাম প্রকাশে অনিচ্ছুক ওয়াসার দায়িত্বশীল দুজন কর্মকর্তা এ প্রসঙ্গে বলেন, ‘দাতা সংস্থার অর্থায়নে নির্ধারিত প্রকল্পের কাজ নির্ধারিত সময়ে শেষ করতে হয়। তাই সিটি করপোরেশনের বিধিনিষেধ থাকলেও বর্ষার মধ্যেও কাজ করতে হচ্ছে। নইলে দাতা সংস্থা অর্থ ফিরিয়ে নিতে পারে।’
ঢাকা উত্তর সিটি করপোরেশনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. কুদরতউল্লাহ অবশ্য বলেন, ‘রাস্তা খোঁড়াখুঁড়ির কাজে সবচেয়ে বড় সমস্যা করে ওয়াসা। তারা এক মাসের জন্য সময় নিয়ে তিন মাস ধরে খোঁড়াখুঁড়ির কাজ চালায়। এ অবস্থায় দুর্ভোগে পড়া নগরবাসীর পুরো রাগ গিয়ে পড়ে সিটি করপোরেশনের ওপর।’
অবিরাম খোঁড়াখুঁড়ি: শুক্রবার বিকেলে মিরপুর ১১ নম্বর সেকশনে গিয়ে দেখা যায়, ব্র্যাক ব্যাংকের সামনের সড়ক থেকে শুরু করে পুরোনো ১০ নম্বর সড়ক পর্যন্ত একটু পরপর গর্ত করে রাখা। মিরপুর ১৪ নম্বর সেকশনে কাফরুল থানার বিপরীতে সড়ক খোঁড়া হয়েছে তিন দিন আগে। রোটারি স্কুল অ্যান্ড কলেজের সামনে, ১২/১ নম্বর আবাসিক বহুতল ভবনের সামনে ও আশপাশে বড় বড় গর্ত খোঁড়া হয়েছে। রোটারি স্কুলের প্রধান ফটকের সামনে গত বৃহস্পতিবার যখন খোঁড়াখুঁড়ি হয়, তার আগেই ছুটির ঘণ্টা বেজে যায়। শুক্রবার শিক্ষাপ্রতিষ্ঠানটি ছিল বন্ধ। গতকাল সকালে শিক্ষার্থীরা স্কুলে এসে প্রধান ফটকের সামনে বিশাল গর্তের মুখে পড়ে। পাশে হলুদ ফিতায় সতর্ক-সীমানা দেওয়া হলেও গর্তের চারপাশ অরক্ষিতই ছিল। বৃষ্টি এবং খোঁড়াখুঁড়ির কারণে গতকাল তাড়াতাড়ি স্কুল ছুটি দিয়ে দেওয়া হয়।
নাখালপাড়া, তেজকুনিপাড়া, আফতাবনগর, গুলশান, বারিধারা, নিকুঞ্জ, খিলক্ষেত, মোহাম্মদপুর, শ্যামলী, আদাবর প্রভৃতি এলাকায় ঘুরে দেখা গেছে, সড়কগুলোতে খোঁড়াখুঁড়ির কাজ চলছে। নাখালপাড়ায় দেড় মাস আগে খোঁড়া গর্ত এখনো পুরোপুরি মেরামত হয়নি। এলাকার বাসিন্দা সানজিদা খানম দুঃখ করে বলেন, ‘পানির প্রবাহ বাড়ানোর জন্য এলাকাবাসীকে খোঁড়া রাস্তা উপহার দেওয়া হয়েছে।’ তেজকুনিপাড়ার কাঁঠালতলা মোড়ে সড়কের মাঝখানে মুখ ব্যাদান করে আছে বিশাল গর্ত। এলাকার বাসিন্দা সাজিদুর রহমান বলেন, তিন মাস আগে এলাকায় গর্ত করে পাইপ বসিয়ে দায়সারাভাবে মাটি চাপা দেওয়া হয়। রমজান মাসের শুরুতে আবার খোঁড়া হয়। বর্তমানে তৃতীয় দফায় খোঁড়া হয়েছে। খোঁড়াখুঁড়ির কারণে অন্য পাইপ ফেটে খাবার পানি দূষিত হয়ে গেছে। খোঁড়া গর্তে জমা ময়লা পানিতে মশা ডিম পাড়ে। গুলশান-বাড্ডা সংযোগ সড়কে পদচারী-সেতুর পাশে খোঁড়া গর্তেও পানি জমে থাকতে দেখা যায়।
ওয়াসার ঢাকা ওয়াটার সাপ্লাই ডেভেলপমেন্ট প্রজেক্টের উপপরিচালক আবদুস সালাম গতকাল প্রথম আলোকে বলেন, প্রকল্পের অধীনে ওয়াসা সিটি করপোরেশনকে আগাম টাকা দিয়ে রাস্তা গর্ত করার অনুমতি নেয়। কিন্তু সেই রাস্তা সিটি করপোরেশন সময়মতো মেরামত না করায় জনদুর্ভোগ বাড়ে।