বর্ষায়ও চলছে কাজ, প্রকল্প ভেস্তে যাওয়ার আশঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার সারিয়াকান্দি উপজেলার চন্দনবাইশার তালুকদারপাড়ায় জমি অধিগ্রহণ ছাড়াই সাড়ে তিন কিলোমিটার বন্যানিয়ন্ত্রণ বাঁধের নির্মাণকাজ চলছে। তবে শুকনো মৌসুমে কাজ শেষ না করায় ভাঙা অংশ দিয়ে পানি ঢুকে চলতি বর্ষায় সারিয়াকান্দিসহ পাঁচটি উপজেলার মানুষ ভোগান্তিতে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

উপজেলার ঘুঘুমারি গ্রামের জোবাইদুর রহমান বলেন, ‘শতকে সাড়ে ১০ হাজার টাকা দেবে বলে শুনছি। জমির কাগজ নিয়ে ঠিকাদারেরা এক হাজার টাকা দিয়ে সই নিয়ে গেছে। তবে বর্ষার আগে এই বাঁধের কাম শেষ না করায় আমরা ভয়ে আছি।’ ডাকমারা গ্রামের আবু সাঈদ বলেন, ‘এভাবে জমি লষ্ট করি বাঁধ দিয়ে কী হবি। প্রত্যিক বছর জমি লিয়ে বাঁধ দেয়। কোনো বাঁধই থাকে না। এবারও মেলা জমি বাঁধোত যাচ্ছে। কাম তো কিছুই হবি না।’

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) বগুড়ার নির্বাহী প্রকৌশলী নুরুল ইসলাম সরকার জানান, অর্থাভাবে এই প্রকল্পের কাজ শুরু করতে বিলম্ব হয়েছে। ফেব্রুয়ারি মাসে ঠিকাদারদের কার্যাদেশ দেওয়া হলেও জমি অধিগ্রহণ নিয়ে সমস্যা হয়েছে। এ ছাড়া অর্থ না আসায় কাজ দেরিতে শুরু হয়েছে।

এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, গত বছর চন্দনবাইশা তালুকদারপাড়ায় বন্যানিয়ন্ত্রণ বাঁধের দুই হাজার মিটার যমুনাগর্ভে বিলীন হয়। ওই সময় চন্দনবাইশা বাজার ও তালুকদারপাড়া বিলীন হলে তিন হাজার পরিবার গৃহহীন হয়। এ ছাড়া ধুনট উপজেলার ভান্ডারবাড়ি, পুকুরিয়া ও বড়ইতলীতে ভাঙনে বাঁধের ব্যাপক ক্ষতি হয়।

পাউবো সূত্র জানায়, চন্দনবাইশা এলাকাকে যমুনার ভাঙন থেকে রক্ষার জন্য এ বছর ‘ব্রহ্মপুত্র ডান তীর বন্যা বাঁধ প্রকল্প’ হাতে নেওয়া হয়। রোহদৌহ থেকে কুতুবপুর পর্যন্ত সাড়ে তিন কিলোমিটার এই বাঁধ নির্মাণের জন্য ব্যয় ধরা হয়েছে প্রায় ১৫ কোটি টাকা। এর মধ্যে ৩৬ একর জমি অধিগ্রহণের জন্য ব্যয় ধরা হয়েছে প্রায় ছয় কোটি টাকা।

গত বছরের ডিসেম্বর মাসে চারটি গ্রুপে দরপত্র আহ্বান করে তিনজন ঠিকাদারকে কাজ করার অনুমতি দেওয়া হয়। চলতি বছরের ৫ ফেব্রুয়ারি ঠিকাদারেরা কার্যাদেশ পেলেও তাঁরা কাজ শুরু করেন ১৭ এপ্রিল থেকে।

১২ জুন চন্দনবাইশার ঘুঘুমারি এলাকায় গিয়ে দেখা গেছে, ঠিকাদারের লোকজন যন্ত্রপাতি নিয়ে বাঁধ নির্মাণ করছেন। বাঁধ থেকে আধা কিলোমিটার আবার কোথাও এক কিলোমিটার দূরে যমুনা নদীতে খননযন্ত্র বসিয়ে বালু তুলে বাঁধে দেওয়া হচ্ছে। আর এক্সকাভেটর দিয়ে মাটি কেটে বাঁধের দুই ধারে ফেলা হচ্ছে। অনেক কাজ এখনো বাকি রয়েছে।

ঠিকাদার শাহরিয়ার হোসেন, লিয়াকত আলী ও টিপু জানান, সরকারিভাবে জমির যে দাম ধরা হবে, জমির মালিকদের সেই দামই পরিশোধ করা হবে। বর্ষার আগে বাঁধ নির্মাণকাজ শেষ করার লক্ষ্যে জমির মালিকদের অনুমতি নিয়ে কাজ শুরু করা হয়। তাঁরা দাবি করেন, জুলাই মাসের প্রথম সপ্তাহের মধ্যে কাজ শেষ হবে।