পাবনার বেড়া উপজেলার নগরবাড়ীতে যমুনা নদীর ভাঙন রোধ প্রকল্পের কাজ ধীরগতিতে চলায় এলাকাবাসীর মধ্যে হতাশার সৃষ্টি হয়েছে। বর্ষা মৌসুমের আগেই ভাঙনের ঝুঁকিতে থাকা নগরবাড়ী থেকে প্রতাপপুর পর্যন্ত যমুনার দেড় কিলোমিটার অংশের ভাঙন রোধের কাজ সম্পন্ন হওয়ার কথা থাকলেও ৪০ ভাগ কাজও হয়নি। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বেড়া উপজেলার নগরবাড়ী ঘাট থেকে কাজীরহাট পর্যন্ত যমুনা নদীর ডান তীর ও সুজানগর উপজেলায় পদ্মার বাঁ তীরের বিভিন্ন স্থান কয়েক বছর ধরে নদীভাঙনে বিলীন হচ্ছে। এর মধ্যে বেড়া উপজেলার ঐতিহ্যবাহী নগরবাড়ী ঘাটের কিছু অংশসহ পার্শ্ববর্তী পাঁচটি গ্রামের বিস্তীর্ণ অংশ ইতিমধ্যেই বিলীন হয়ে গেছে।এই ভাঙন রোধের জন্য পাউবো ২০০ কোটি টাকা ব্যয়ে ‘সুজানগর উপজেলায় পদ্মা নদীর বাম তীর ও বেড়া উপজেলার নগরবাড়ীতে যমুনা নদীর ডান তীর ভাঙন রোধ প্রকল্প’ নামে একটি প্রকল্প নেয়। তিন বছর মেয়াদি এ প্রকল্পের আওতায় গত বছরের জুলাইয়ে সবচেয়ে ভাঙনকবলিত বেড়া উপজেলার নগরবাড়ী ঘাট এলাকার এক হাজার ৫২০ মিটার ও সুজানগর উপজেলায় পদ্মা নদীর কয়েকটি পয়েন্টে দুই হাজার ১৬৫ মিটার এলাকার ভাঙন রোধের জন্য ঠিকাদার নিয়োগ করা হয়। এসব কাজ চলতি বছরের জুন মাসের মধ্যে শেষ হওয়ার কথা। কিন্তু সময়মতো কাজ শুরু না হওয়ায় এবং অত্যন্ত ধীরগতিতে কাজ চলায় এই সময়ের মধ্যে অর্ধেক কাজও সম্পন্ন হবে না বলে এলাকাবাসীর ধারণা।সরেজমিনে দেখা গেছে, ভাঙনকবলিত নগরবাড়ী ঘাট থেকে প্রতাপপুর পর্যন্ত ভাঙন রোধের কাজ করছে আটটি ঠিকাদারি প্রতিষ্ঠান। নদীর তীরসংলগ্ন তলদেশে বালুভর্তি বস্তা (জিও ব্যাগ) ফেলার পর পাড় বরাবর কংক্রিটের ব্লক বিছিয়ে দেওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত অনেক অংশে বস্তা ফেলার কাজই সম্পন্ন হয়নি। কোনো কোনো প্রতিষ্ঠান কংক্রিটের ব্লক তৈরি করলেও তা বসানোর উদ্যোগ নেয়নি। ইতিমধ্যেই পানি বেড়ে যাওয়ায় অনেক স্থানেই ব্লক বসানো তো দূরের কথা ঠিকমতো বালুভর্তি বস্তাই ফেলা যাবে না বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন। প্রতাপপুর ও রঘুনাথপুর গ্রামে গিয়ে দেখা যায়, নির্ধারিত সময়ের মধ্যে ভাঙন রোধের কাজ শেষ না হওয়ায় ও ধীরগতিতে কাজ চলায় গ্রামের লোকজন আতঙ্কিত হয়ে রয়েছে। প্রতাপপুর গ্রামের আবদুল জব্বার বলেন, ‘আর ২০-৩০ ফুট ভাঙলেই গিরামের পাকা মসজিদ গাঙে চইল্যা যাবি। অথচ আমাগরে এই দিকে এখনো কাজই শুরু হলো না। কয়দিন আগে পানি বাড়ায় ভাঙন দেখা দিলে তারা কিছু বালুর বস্তা ফালাইছিল। তারপর কোনো কাজই আর হচ্ছে না।’ পাউবোর বেড়া কার্যালয়ের উপবিভাগীয় প্রকৌশলী আবু তাহের মন্ডল বলেন, বাজেট মোতাবেক অর্থ পাওয়া যাচ্ছে না। এ জন্য ঠিকাদারদের কাজের গতি বাড়ানো যাচ্ছে না। তার পরও ভাঙন রোধের উপযোগী প্রয়োজনীয় বালুর বস্তা ফেলা চলছে, যা বর্ষার আগেই সম্পন্ন হবে। এতে আপাতত ভাঙন রোধ হবে বলে তাঁরা আশা করছেন। কাজেই ভাঙন নিয়ে এলাকাবাসীর আতঙ্কিত হওয়ার কারণ নেই।