বর্ষার আগে মহেশ খালের বাঁধ সরিয়ে নেওয়ার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী বর্ষার আগে চট্টগ্রাম নগরের মহেশ খালের বাঁধ সরিয়ে নেওয়ার দাবি তোলা হয়েছে স্থানীয় বাসিন্দাদের এক সমাবেশ থেকে। এতে বক্তারা বলেন, কর্ণফুলী নদীর সঙ্গে যুক্ত এই খালে বাঁধ দেওয়ার কারণে নগরের ৫টি ওয়ার্ডের প্রায় ১৫ লাখ মানুষকে ভুগতে হচ্ছে। বাঁধের কারণে বর্ষা মৌসুম ছাড়াও অমাবস্যা ও পূর্ণিমাতে নগরের ৩৭, ৩৮ ও ৩৯ নম্বর ওয়ার্ডের বিস্তীর্ণ এলাকা জোয়ারের পানিতে ডুবে যায়। আবার ভরা বর্ষার সময় ২৭ ও ৩৬ নম্বর ওয়ার্ড ডুবে যায়।
গতকাল শুক্রবার বিকেলে নগরের ‘৩৭ ও ৩৮ নম্বর ওয়ার্ড সচেতন নাগরিক সমাজ’-এর আয়োজনে পুরোনো বন্দর মার্কেট চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সহসভাপতি খোরশেদ আলম।
সংগঠনের আহ্বায়ক মোহাম্মদ হোসেনের সভাপতিত্বে এবং সদস্যসচিব হাবিব শরীফের পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন নগর আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক জহুর আহমদ, বন্দর থানা আওয়ামী লীগের সভাপতি নুরুল আলম, সহসভাপতি শাহনেওয়াজ চৌধুরী, যুগ্ম সম্পাদক মোহাম্মদ ইলিয়াছ, ৩৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসান, ৩৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আবদুল মান্নান প্রমুখ।
নগরের বন্দর রিপাবলিক ক্লাবের পাশে মহেশ খালে ২০১৫ সালের সেপ্টেম্বর মাসে ১২০ ফুট দীর্ঘ ৩০ ফুট উচ্চতার বাঁধ দেওয়া হয়। এই বাঁধ সরিয়ে নেওয়ার দাবিতে স্থানীয় বাসিন্দারা আন্দোলন করে আসছেন।
সমাবেশে খোরশেদ আলম বলেন, মহেশ খাল বাঁধের কারণে পাঁচটি ওয়ার্ডে উৎকট দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। বদ্ধ পানিতে মশা-মাছির বংশ বিস্তার ঘটছে। আগামী বর্ষা মৌসুমের আগে বাঁধ অপসারণ করা না হলে এলাকার মানুষ কঠোর আন্দোলনে যাবে। এ জন্য বন্দর কর্তৃপক্ষকে দায় বহন করতে হবে।
স্থানীয় বক্তারা এই বাঁধকে ‘দুর্যোগ’ অভিহিত করে বলেন, এ ব্যাপারে সিটি করপোরেশন ও পরিবেশ অধিদপ্তরের ভূমিকা রয়েছে। কার স্বার্থে এই বাঁধ দেওয়া হয়েছে, তা স্পষ্ট করতে হবে। অন্যথায় বর্ষার আগেই বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
সমাবেশের পর এলাকাবাসীর মধ্যে ১২ হাজার টাকার মশার কয়েল এবং ৮ হাজার টাকার সুগন্ধি আগরবাতি বিতরণ করেন খোরশেদ আলম। এ বিষয়ে তিনি প্রথম আলোকে বলেন, বাঁধের কারণে উজানে থাকা দুটি ওয়ার্ডের বাসিন্দারা উৎকট গন্ধের শিকার হচ্ছে। পানির প্রবাহ বন্ধ থাকায় সেখানে মশার প্রজনন বেড়ে গেছে। তাই প্রতীকী প্রতিবাদ হিসেবে এলাকাবাসীর মধ্যে কয়েল ও আগরবাতি বিতরণ করা হয়েছে।