বর্ষার আগে রাস্তা সংস্কারের আকুতি খুদে শিক্ষার্থীদের
বর্ষায় টানা কয়েক মাস বিদ্যালয়ে যাতায়াতের কাঁচা রাস্তাটি পানিতে ডুবে থাকে। নৌকায় করেই তখন বিদ্যালয়ে যাওয়া-আসা করতে হয় শিক্ষার্থীদের। বর্ষা মৌসুমে এ রকম দুর্ভোগ পোহাতে হয় মৌলভীবাজারের জুড়ী উপজেলার হাকালুকি হাওরপারে অবস্থিত নিশ্চিন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খুদে শিক্ষার্থীদের। ভুক্তভোগী ওই শিক্ষার্থীরা এবার বর্ষার আগেই রাস্তাটি সংস্কারের আকুতি জানিয়েছে।এলাকাবাসী সূত্রে জানা গেছে, সদর উপজেলার জায়ফরনগর ইউনিয়নের ভূঁয়াইবাজার-শাহগঞ্জ বাজার রাস্তা দিয়ে নিশ্চিন্তপুর বিদ্যালয়ের শিক্ষার্থীরা চলাচল করে। বর্ষা মৌসুমে টানা বৃষ্টি এবং বিভিন্ন নদীর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে হাকালুকি হাওর উপচে প্রায় দুই কিলোমিটার দীর্ঘ ভূঁয়াইবাজার-শাহগঞ্জ বাজার রাস্তাটি তলিয়ে যায়। জুন থেকে আগস্ট মাস পর্যন্ত এই অবস্থা থাকে।সম্প্রতি শিক্ষাপ্রতিষ্ঠানটিতে গিয়ে জানা যায়, সেখানে শিশু থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীর সংখ্যা ২২৮ জন। বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী পূর্ণিমা দাস (১১) বলে, ‘বর্ষার সময় আমরার খুব কষ্ট অয়। রাস্তা ডুবি গেলে ইশকুলে আইতে ডর লাগে! বর্ষার আগে এই রাস্তা ঠিক অই গেলে আমরার আর কষ্ট থাকত নায়।’ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বীরেন্দ্র দাস বলেন, ‘বর্ষায় তিন মাস (জুন থেকে আগস্ট) ছাত্রছাত্রীরা নৌকা দিয়ে আসা-যাওয়া করে। ঝোড়ো বাতাসের কবলে পড়ে মাঝেমধ্যে নৌকাডুবির ঘটনাও ঘটে। সেই ভয়ে অনেক অভিভাবক সন্তানদের স্কুলে পাঠান না। তাই উপস্থিতি কমে যায়।’ তিনি জানান, ভূঁয়াইবাজার-শাহগঞ্জ বাজার রাস্তা ও বিদ্যালয়ের সংযোগ রাস্তায় মাটি ভরাট করে উঁচু করা হলে শিক্ষার্থীদের দুর্ভোগ পোহাতে হতো না।স্থানীয় ব্যক্তিরা জানান, প্রায় চার বছর আগে ইউনিয়ন পরিষদের (ইউপি) উদ্যোগে রাস্তাটির কিছু অংশে মাটি ভরাট করা হয়। কিন্তু পর্যাপ্ত উঁচু না হওয়ায় পানিতে তলিয়ে মাটি সরে গেছে। এরপর রাস্তায় আর কোনো কাজ হয়নি।জায়ফরনগর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য মহেষ দাস গত সোমবার প্রথম আলোকে জানান, ভূঁয়াইবাজার-শাহগঞ্জ বাজার রাস্তায় এর আগে সংস্কারকাজের সময় তিনি দায়িত্বে ছিলেন না। তিনি নির্বাচিত হওয়ার পর মূল রাস্তাসহ বিদ্যালয়ের সংযোগ রাস্তায় মাটি ভরাট এবং একটি কালভার্ট নির্মাণের জন্য প্রয়োজনীয় বরাদ্দ পেতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শহীদুল ইসলাম প্রথম আলোকে জানান, খোঁজখবর নিয়ে এ ব্যাপারে তিনি প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন।