বর্ষার আগেই আইলা-দুর্গত অঞ্চলে বাঁধ সংস্কারের দাবি
আইলা-দুর্গত অঞ্চলের জন্য সরকার ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার পক্ষ থেকে গত এক বছরে বিভিন্ন অঙ্গীকার করা হয়েছে। কিন্তু এসব অঙ্গীকার রক্ষা করা হয়নি। এ কারণে ওই অঞ্চলের মানুষ এখনো স্বাভাবিক জীবনে ফিরতে পারেনি।গতকাল শুক্রবার ঘূর্ণিঝড় আইলা আঘাত হানার এক বছর স্মরণে এক কর্মসূচিতে জাতীয় প্রেসক্লাবের সামনে বক্তারা এ কথা বলেন। নাগরিক সংহতি ওই কর্মসূচির আয়োজন করে। গত বছরের ২৫ মে আঘাত হানে আইলা।অনুষ্ঠানে বক্তারা বর্ষা আসার আগেই যেকোনো উপায়ে ক্ষতিগ্রস্ত ৩০০ কিলোমিটার বাঁধ সংস্কার, সুপেয় পানি সরবরাহ, কর্মসংস্থান সৃষ্টি, অপরিকল্পিত চিংড়িচাষ বন্ধ করার দাবি জানান।আইলা-দুর্গত অঞ্চলের বিপন্নতা তুলে ধরতে সেখানকার মানুষ ঢোল, বাঁশি বাজিয়ে সরকার ও নগরবাসীর দৃষ্টি আকর্ষণের চেষ্টা করে। ‘চেয়ে দেখো নগরবাসী আমরা কীভাবে বেঁচে আছি’ লেখাসংবলিত পোস্টার এবং ক্ষতিগ্রস্ত বাধ, শিক্ষাপ্রতিষ্ঠান, ঘরবাড়ির স্থিরচিত্র বুকে ঝুলিয়ে তাঁরা কর্মসূচিতে অংশ নেয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক শরীফুজ্জামান। অন্যান্যের মধ্যে রুহিন হোসেন, ভাস্কর রাশা, আমিনুর রসুল প্রমুখ বক্তব্য দেন। বিজ্ঞপ্তি।