বর্ষার আগেই কাজ শেষ হবে: আনিসুল হক

ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় বর্তমানে প্রায় ৪০০ সড়কে খোঁড়াখুঁড়ি ও সংস্কারকাজ চলছে। এ বিষয়ে মেয়র আনিসুল হক প্রথম আলোকে বলেন, জলাবদ্ধতা নিরসনে পানিনিষ্কাশন ব্যবস্থা উন্নত করা হচ্ছে। বর্ষার আগেই সড়ক সংস্কারের কাজ শেষ করা হবে। ২৯ দিনে প্রায় পাঁচ হাজার মিটার সড়কে পাইপ বসানোর কাজ শেষ হয়েছে।
আরও আগে সড়ক সংস্কারের কাজ শুরু করা যেত কি না—এমন প্রশ্নের জবাবে মেয়র বলেন, কাজ শুরুর ক্ষেত্রে বরাদ্দ পাওয়া, টেন্ডারিং অনেক ব্যাপার থাকে। সবকিছু মিলিয়ে সঠিক সময়েই কাজ শুরু করা গেছে। তবে জলাবদ্ধতার মূল সমস্যা খাল। সেগুলো এখনো খনন বা পরিষ্কার করা হয়নি। খালের মুখগুলো দখল হয়ে আছে। গত বছরের তুলনায় অনেক এলাকায় এবার জলাবদ্ধতার সমস্যা কম হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
একই সড়ক বারবার খোঁড়ার বিষয়ে আনিসুল হক বলেন, এবার এক সড়ক একাধিকবার খোঁড়া হচ্ছে না। আমাদের মতো দেশে ফান্ড পাওয়া একটি বড় ব্যাপার। সব সংস্থা একসঙ্গে টাকা পায় না। দেখা যায়, সিটি করপোরেশন বরাদ্দ পাওয়ার এক মাস পরে ওয়াসা পায়। বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয়ের মাধ্যমে কাজ করতে চেষ্টা করা হচ্ছে।