বর্ষার আগেই নদীভাঙন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্ষার শুরু না হতেই কুড়িগ্রামে ভাঙন শুরু হয়েছে। উলিপুরে এক রাতে ভাঙনে গৃহহীন হয়েছে প্রায় ১০০ পরিবার। এ ছাড়া সহস্রাধিক একর ফসলি জমি ও একটি বাজার বিলীন হয়েছে। রাজীবপুরে গত দুই সপ্তাহের ভাঙনে দুটি গ্রাম ও কয়েক শ একর জমি নদীতে চলে গেছে।দুই সপ্তাহ ধরে অব্যাহত বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পানির স্রোতে রাজীবপুরে ব্রহ্মপুত্র ও সোনাভরি নদীর ভাঙন তীব্র হয়েছে। ইতিমধ্যে আজগর দেওয়ানীপাড়া ও মেম্বারপাড়া বিলীন হয়ে গেছে। এ ছাড়া নদ-নদীর তীরবর্তী মুন্সিপাড়া, পশ্চিম রাজীবপুর, করাতীপাড়া, উত্তর কোদালকাটি, সাজাই, শংকর মাদবপুর, ব্যাপারিপাড়া, নয়াচর বাজারপাড়া ও মাঠের ভিটা গ্রামে ভাঙন শুরু হয়েছে। এসব গ্রামের মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।ভাঙনকবলিত রাজিবপুর ঘাট থেকে উপজেলা পরিষদের দূরত্ব ৫০০ গজ। ঘাট থেকে উপজেলা পরিষদ অভিমুখী সংযোগ সড়কটি ভেঙে যাচ্ছে। ভাঙনের মুখে পড়েছে মুন্সিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। কোদালকাটি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নজরুল ইসলাম জানান, উত্তর কোদালকাটি গ্রামের ৬০টি পরিবার ব্রহ্মপুত্রের ভাঙনে গৃহহীন হয়ে পড়েছে। মোহনগঞ্জ ইউপির চেয়ারম্যান আনোয়ার হোসেন জানান, তাঁর ইউনিয়নের ব্যাপারিপাড়া ও নয়াচর বাজারপাড়া গ্রামের ১০০ পরিবার নদীভাঙনের কবলে পড়ে ঘরবাড়ি সরিয়ে নিয়েছে।রাজীবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আকবর হোসেন বলেন, ‘নদীভাঙন প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য আমি অনেক চেষ্টা করেছি। সংশ্লিষ্ট দপ্তরে আবেদন-নিবেদন করার পর পাউবোর স্থায়ী কমিটির চেয়ারম্যান ভাঙন-কবলিত এলাকা পরিদর্শন করেছেন এবং নদীভাঙন প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দিয়েছেন। কিন্তু এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।’ পাউবো, কুড়িগ্রাম-২-এর নির্বাহী প্রকৌশলী সৈয়দ আহসান আলী জানান, রাজীবপুরে নদীভাঙন প্রতিরোধে প্রকল্প মন্ত্রণালয়ে জমা দেওয়া আছে। অনুমোদন ও অর্থ পাওয়া গেলে এ বছরই কাজ শুরু করা হবে।উলিপুরের বজরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এবং উপজেলা প্রকৌশল বিভাগ সূত্রে জানা গেছে, গত রোববার রাতে হঠাৎ তিস্তা নদীর পানি অস্বাভাবিক বেড়ে যায়। ওই রাতে ইউনিয়নের খামার দামারহাট, সাতালস্কর, বগলাকুড়া ও সাদুয়া দামারহাট গ্রামে নদীভাঙন শুরু হয়। রাতভর ভাঙনে এসব গ্রামের প্রায় ৩০০ পরিবারের ঘর, সহস্রাধিক একর ফসলি জমি এবং মুন্সির বাজার নদীগর্ভে বিলীন হয়ে যায়। এদিকে ১৬ লাখ টাকা ব্যয়ে এক মাস আগে নির্মিত খামার দামারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় ভাঙনের মুখে পড়ায় গত রোববার তা ভেঙে ফেলা হয়। গত সোমবার থেকে বিদ্যালয়টি বন্ধ রয়েছে। ভাঙনের হুমকির মুখে রয়েছে সাতালস্কর প্রাথমিক বিদ্যালয়, বগলাকুড়া প্রাথমিক বিদ্যালয় ও সাদুয়া দামারহাট প্রাথমিক বিদ্যালয়।