বর্ষার আগেই পদ্মার পাড়েভাঙন
এবারও বর্ষাকাল আসার আগেই ঢাকার দোহার উপজেলার নয়াবাড়ী ইউনিয়নে পদ্মা নদীর তীরে ভাঙন শুরু হয়েছে। এরই মধ্যে একটি মাছের বাজার ও প্রায় ১০ একর ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে।
ভাঙনের হুমকির মুখে রয়েছে নয়াবাড়ী ইউনিয়নের ছয়টি প্রাথমিক বিদ্যালয়, তিনটি উচ্চবিদ্যালয়, তিনটি মাদ্রাসা ও তিনটি হাটবাজারসহ লোকজনের বসতবাড়ি। ভাঙন-আতঙ্কে দিন কাটাচ্ছে পাঁচটি গ্রামের দুই সহস্রাধিক পরিবার।
নয়াবাড়ীতে পদ্মাপারের কয়েকজন বাসিন্দা জানান, গত বছরও বর্ষার আগে পদ্মার ভাঙন শুরু হয়েছিল। ওই ভাঙনে ইউনিয়নের প্রায় এক হাজার পরিবার বসতবাড়ি হারিয়ে নিঃস্ব হয়ে যায়। প্রতিবারের ভাঙনে তারা সর্বস্ব হারালেও আজ পর্যন্ত কোনো সরকার ভাঙন রোধে কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি।
স্থানীয় বাসিন্দারা বলেন, কিছুদিন আগে পদ্মার স্রোত ও পানি বাড়ে। সেই সঙ্গে শুরু হয় ভাঙন।
সম্প্রতি সরেজমিন দেখা যায়, দোহারের নয়াবাড়ী ইউনিয়নের অরঙ্গাবাদ গ্রামের একটি মাছের বাজার এবং বাহ্রাঘাট থেকে অরঙ্গাবাদ বাজার পর্যন্ত প্রায় ১০ একর ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়েছে।
ভাঙন শুরু হয়েছে দোহার-মানিকগঞ্জ বেড়িবাঁধের ধোয়াইর বাজার ও অরঙ্গাবাদ সড়কের কিছু অংশে। নদীর পাড়ে উদাস হয়ে তাকিয়ে ছিলেন লোকজন।
ধোয়াইর গ্রামের বাসিন্দা মিনহাজ উদ্দিন প্রথম আলোকে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী ওয়াদা ছিল নির্বাচিত হওয়ার পর পদ্মার ভাঙন থেকে দোহারকে রক্ষার জন্য বাঁধ নির্মাণ করবেন। আজ পর্যন্ত ওই ওয়াদা পূরণ করেননি তিনি।
বাহ্রাঘাটের আলিমদ্দিন বলেন, ‘আমাদের একমাত্র সম্বল ভিটাটুকু এবার হয়তো আর বাঁচানো যাবে না। সরকার পদক্ষেপ নিলে এ অবস্থা হতো না।’
নদীপারের কয়েকজন বাসিন্দা বলেন, পানিসম্পদ প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান তালুকদার গত বছর দোহারে পদ্মার ভাঙন পরিদর্শন করতে এসেছিলেন। তখন তিনি পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তাদের শুকনো মৌসুমে ভাঙন প্রতিরোধে ব্যবস্থা নিতে নির্দেশ দেন। কিন্তু ওই নির্দেশ বাস্তবায়িত হয়নি।
ভাঙনের ব্যাপারে পাউবোর বিভাগীয় প্রকৌশলী আবদুল মান্নান প্রথম আলোকে বলেন, তিনি এলাকা পরিদর্শন করেছেন। ভাঙন রোধে চারটি পয়েন্টে ব্লক ফেলে বাঁধ তৈরি করতে প্রাথমিক পর্যায়ে ১০০ কোটি টাকার প্রকল্প বরাদ্দ চেয়ে মন্ত্রণালয়ে আবেদন জমা দেওয়া হয়েছে।
বরাদ্দ পেলেও এ বছর বাঁধ নির্মাণ সম্ভব নয় বলে জানিয়েছেন প্রকৌশলী।