
বরিশাল সদর উপজেলার বেলতলা থেকে চরবাড়িয়া পর্যন্ত সড়কের চার কিলোমিটার এলাকা নদীভাঙনের মুখে পড়েছে। ইতিমধ্যে সড়কটির বড় একটি অংশ কীর্তনখোলার গর্ভে চলে গেছে। আগামী বর্ষা মৌসুমের আগে ভাঙন ঠেকাতে স্থায়ী ব্যবস্থা না নিলে পরিস্থিতির অবনতির আশঙ্কা করছেন স্থানীয় লোকজন।
সরেজমিনে ঘুরে এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, নগরের আমানতগঞ্জ থেকে সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের লামচরি গ্রাম পর্যন্ত সড়কটির উত্তর চরবাড়িয়ায় প্রায় ২৫০ মিটার অংশ গত বর্ষা মৌসুমে নদীতে বিলীন হয়ে যায়। এরপর ভাঙন ঠেকাতে পাউবো বা সড়ক সংস্কারে এলজিইডি আর কোনো উদ্যোগ নেয়নি।
পরে স্থানীয় লোকজন নিজেদের উদ্যোগে এর পাশে একটি কাঁচা সড়ক নির্মাণ করেন। কিন্তু আগামী বর্ষা মৌসুমে ভাঙন ঠেকাতে না পারলে এই সড়কসহ আশপাশের এলাকা ও বেশ কিছু প্রতিষ্ঠান ভাঙনের কবলে পড়তে পারে। এর মধ্যে রয়েছে বরিশাল নগরের পানি শোধনাগার, দুটি শিপইয়ার্ড ও দুটি শিক্ষাপ্রতিষ্ঠান।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বরিশালের নির্বাহী প্রকৌশলী মো. রুহুল আমিন বলেন, চরবাড়িয়া এলাকার ওই সড়কটি বর্ষা মৌসুমের আগে সংস্কার করা হয়েছিল। কিন্তু ভাঙনে সড়কসহ আশপাশের বাড়িঘর নদীতে বিলীন হয়ে যায়। তাঁর মতে, ভাঙন প্রতিরোধে স্থায়ী ব্যবস্থা না নিলে সড়ক নির্মাণ করে কোনো লাভ হবে না। ভাঙন প্রতিরোধে পাউবো ব্যবস্থা নেওয়ার পরই সড়ক নির্মাণ বা সংস্কার করতে হবে।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) বরিশালের নির্বাহী প্রকৌশলী মো. বাবুল আখতার বলেন, গত জুন-জুলাইয়ে সদরের বেলতলা ও চরবাড়িয়া এলাকায় ভাঙন রোধে জরুরি ভিত্তিতে কিছু জিও ব্যাগ ফেলা হয়েছিল। সেখানে ৪ দশমিক ৬ কিলোমিটার এলাকার ভাঙন রোধে ১৭৭ কোটি টাকার একটি প্রকল্প মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। প্রকল্পটি অনুমোদন হলে স্থায়ীভাবে ভাঙন রোধে ব্যবস্থা নেওয়া হবে।
গত শনিবার সরেজমিনে দেখা যায়, সিটি করপোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের বেলতলা এলাকার দুটি বেসরকারি শিপইয়ার্ড কীর্তনখোলার ভাঙনের মুখে পড়েছে। পাশেই সরকারি পানি শোধনাগার। পানি শোধনাগারের জমির বড় একটি অংশ ইতিমধ্যে নদীতে বিলীন হয়ে গেছে।
লামচরি গ্রামের বেশ কিছু বসতবাড়ি ও পাকা সড়ক গত বর্ষা মৌসুমে নদীতে বিলীন হয়ে গেছে। সেই ভাঙনের চিহ্ন হিসেবে এখনো নদীর মধ্যে জেগে আছে কিছু গাছের ডাল। চরবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, লামচরি মাধ্যমিক বিদ্যালয় ও দার্শনিক আরজ আলী মাতুব্বরের পাঠাগার ভাঙনের কবলে পড়ার আশঙ্কা রয়েছে।
সরকারি বরিশাল কলেজের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী লোপা আক্তারের বাড়ি চরবাড়িয়া গ্রামে। তিনি বলেন, গত দুই বছরে দুবার তাঁদের বাড়ি নদীতে ভেঙেছে। একই গ্রামের জাকিয়া বেগমের পোলট্রি খামার ও বসতভিটাও গত বর্ষা মৌসুমে বিলীন হয়েছে।
সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং বরিশাল শিল্প ও বণিক সমিতির সভাপতি সাইদুর রহমান বলেন, দু-তিনবার পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী, সাংসদ ও সংশ্লিষ্ট ব্যক্তিদের ক্ষতিগ্রস্ত এলাকায় নিয়ে দেখানো হয়েছে। জনগুরুত্বপূর্ণ এই এলাকার ভাঙন প্রতিরোধে কোনো উদ্যোগ নেই বলে তিনি মন্তব্য করেন।