বর্ষার আগেই মহেশ খালের মুখে জলকপাট নির্মাণের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্ষা মৌসুমের আগেই চট্টগ্রাম নগরের মহেশখালের মুখে জলকপাট (স্লুইসগেট) নির্মাণে বন্দর কর্তৃপক্ষকে সময় বেঁধে দিয়েছেন চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী।
গতকাল সোমবার বিকেলে বৃহত্তর আগ্রাবাদ ও হালিশহর জলাবদ্ধতা নিরসন কমিটি আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে মহিউদ্দিন চৌধুরী এ সময়সীমা বেঁধে দেন। নগরের আগ্রাবাদ আবাসিক এলাকার ১ নম্বর সড়কে এ সভার আয়োজন করা হয়।
চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরী বলেন, মহেশখালের জোয়ার-ভাটার কারণে বছরের ছয় মাস পানিতে ডুবে থাকে আগ্রাবাদ ও হালিশহরের বিশাল এলাকা। এলাকার ভবনগুলোর নিচতলা ভাড়া দিতে পারেন না মালিকেরা। পানিতে ডুবে থাকায় এলাকার বাসিন্দারা ঘর থেকে বের হতে পারেন না। পুরো এলাকা বসবাসের অনুপযুক্ত হয়ে পড়েছে।
মহিউদ্দিন চৌধুরী বলেন, ‘এ এলাকা যাতে আর পানিতে না ডোবে, সে জন্য দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। আগামী বর্ষা মৌসুমের আগেই মহেশখালের মুখে স্লুইসগেট নির্মাণ করতে হবে।’ তিনি বলেন, ‘বন্দর কর্তৃপক্ষকে ১০ দিন সময় বেঁধে দিলাম। এর মধ্যে বন্দরকে বলতে হবে, কোন দিন থেকে তারা কাজ শুরু করবে।’
সভায় সভাপতিত্ব করেন বৃহত্তর আগ্রাবাদ ও হালিশহর জলাবদ্ধতা নিরসন কমিটির চেয়ারম্যান নুরুল ইসলাম। সভা পরিচালনা করেন কমিটির যুগ্ম মহাসচিব খায়রুল আলম। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সহসভাপতি ও জলাবদ্ধতা নিরসন কমিটির উপদেষ্টা আলতাফ হোসেন চৌধুরী এবং মহাসচিব জসিম উদ্দিন বাবুল।
বন্দরের পরিচালক (প্রশাসন) জাফর আলম প্রথম আলোকে মুঠোফোনে বলেন, ‘মহেশখালের মুখে স্লুইসগেট নির্মাণের ব্যাপারে আমরা কাজ করছি। তবে কবে নাগাদ এটি নির্মাণ করা হবে তা এখন বলা যাচ্ছে না।’