বর্ষার আগেই সেলবর্ষী সড়ক সংস্কারের দাবি

সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নের ফজলুল হক সেলবর্ষী সড়কের একাংশে ভাঙন দেখা দিয়েছে। এতে এই সড়ক দিয়ে চলাচল করতে সাতটি গ্রামের কয়েক হাজার মানুষ দুর্ভোগ পোহাচ্ছে। এ পরিস্থিতিতে এলাকাবাসী বর্ষাকালের আগেই সড়কটি সংস্কারের দাবি জানিয়েছে।
উপজেলা প্রকৌশলীর কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার সেলবরষ ইউনিয়নের মনাই নদের তীরঘেঁষা ফজলুল হক সেলবর্ষী সড়কটির দৈর্ঘ্য প্রায় দেড় কিলোমিটার। ওই সড়কের বীর দক্ষিণ গ্রামের সামনে থেকে এক কিলোমিটার সড়ক পাকাকরণ, প্রতিরক্ষা দেয়াল নির্মাণসহ সড়ক উন্নয়নকাজের জন্য স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) থেকে ৮৫ লাখ টাকা বরাদ্দ পাওয়া যায়। ২০১৩ সালের জুনের শেষ সপ্তাহে এই কাজ পায় মেসার্স হেমায়েত আলী নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। ঠিকাদার ২০১৪ সালের মার্চ মাসে কাজ শুরু করে ২০১৫ সালের জানুয়ারির শেষ সপ্তাহে শেষ করেন। এ সড়ক দিয়ে সেলবরষ ইউনিয়নের মাইজবাড়ী, প্রচারপাড়া, পশ্চিমপাড়া, পূর্বপাড়া, সলপ, মাটিকাটা, বীরগ্রামের প্রায় ১০ হাজার মানুষ চলাচল করে।
উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা গেছে, ২০১৫ সালের মে মাসের শেষ সপ্তাহে বীর দক্ষিণ গ্রামের সামনের সেলবর্ষী সড়কের এক পাশের নানা স্থানে প্রায় ৩০০ ফুট জায়গাজুড়ে ভাঙন দেখা দেয় এবং এই অংশের প্রতিরক্ষা দেয়াল হেলে পড়ে। প্রতিদিন এই সড়ক দিয়ে রিকশা, ইজিবাইক, ঠেলাগাড়ি, মোটরসাইকেলসহ অর্ধশতাধিক যানবাহন চলাচল করে। সড়কটিতে ভাঙন দেখা দেওয়ায় সরু হয়ে পড়ছে।
সরেজমিনে দেখা যায়, মনাই নদের তীরবর্তী বীর দক্ষিণ গ্রামের সামনে থেকে প্রচারপাড়া গ্রামের সামনের সড়ক পর্যন্ত এর বিভিন্ন স্থানের একাংশে প্রায় ৩০০ ফুট জায়গা ভাঙাচোরা। এতে করে সড়কটি সরু হয়ে পড়েছে। হেলে পড়ে আছে প্রতিরক্ষা দেয়াল। পশ্চিমপাড়া গ্রামের মাহবুব মিয়া, প্রচারপাড়া গ্রামের মাসুদ রানা, সলপ গ্রামের দিল মাহমুদ ক্ষোভের সঙ্গে বলেন, যেনতেনভাবে কাজ করায় নির্মাণের কিছুদিন যেতে না যেতেই ভয়াবহ ভাঙন দেখা দেয়, হেলে পড়ে প্রতিরক্ষা দেয়াল। অথচ দেড় বছর অতিবাহিত হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ ব্যাপারে কোনো ব্যবস্থা নেয়নি।
সঠিকভাবে কাজ না করার অভিযোগের বিষয়ে কথা বলার জন্য ঠিকাদার আজাদ রহমানের মুঠোফোনে বেশ কয়েকবার ফোন দিলে তা বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে উপজেলা প্রকৌশলী শাহ মো. আবদুল ওয়াদুদ বলেন, ঠিকাদারের নিরাপত্তা জামানতের টাকা জমা রয়েছে। সড়কটি সংস্কার ও সামগ্রিক প্রয়োজনীয়তা উল্লেখ করে চার মাস আগে এলজিইডির আরআইডিপি-২ প্রকল্পের প্রকল্প পরিচালকের কাছে একটি প্রতিবেদন পাঠানো হয়েছে।
এ বিষয়ে এলজিইডির সুনামগঞ্জ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী সিদ্দিকুর রহমান বলেন, সেলবর্ষী সড়কের বিষয়ে যথাযথ উদ্যোগ নেওয়া হবে।