বর্ষার শুরুতেই খানাখন্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টানা বৃষ্টিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের বিভিন্ন অংশে পিচঢালাই উঠে গিয়ে খানাখন্দের সৃষ্টি হয়েছে। ছবিটি গত মঙ্গলবার বিকেলে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের পাক্কা মসজিদ এলাকা থেকে তোলা l প্রথম আলো
টানা বৃষ্টিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের বিভিন্ন অংশে পিচঢালাই উঠে গিয়ে খানাখন্দের সৃষ্টি হয়েছে। ছবিটি গত মঙ্গলবার বিকেলে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের পাক্কা মসজিদ এলাকা থেকে তোলা l প্রথম আলো

কোথাও ছোট গর্ত, আবার কোথাও গর্তগুলো বড় বড়। গর্ত এড়ানোর জন্য গাড়িগুলো এঁকেবেঁকে চলছে। কখনো বা গর্তে পড়ে চলন্ত গাড়িগুলো দুলছে। এ সময় কমে যাচ্ছে গাড়ির গতি। গত বুধবার চট্টগ্রাম নগরের সিটি গেট থেকে সীতাকুণ্ডের বড়দারোগাহাট পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ৩৯ কিলোমিটারে এই চিত্র দেখা গেছে।
এবারের বর্ষায় টানা বৃষ্টি হওয়ায় সড়কের অনেক স্থানে পিচঢালাই (কার্পেটিং) উঠে গিয়ে এসব গর্ত তৈরি হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
সড়ক ও জনপদ বিভাগ জানিয়েছে, বৃষ্টি থেমে গেলে গর্তগুলো সংস্কারের কাজ শুরু করা হবে।
গত বুধবার সরেজমিনে ঘুরে দেখা যায়, মহাসড়কের ফৌজদারহাট-বাংলাবাজার থেকে কুমিরা পর্যন্ত ১৮ কিলোমিটার অংশে গর্তের সংখ্যা বেশি। সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া বাজার, বাড়বকুণ্ড বাজার, ফকিরহাট, সীতাকুণ্ড বাইপাস সড়ক, বড়দারোগাহাট এক্সেল লোড কন্ট্রোল-স্টেশন, সীতাকুণ্ড উপজেলা পরিষদ কার্যালয় এলাকায় ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে। মহাসড়কের চার লেনের চট্টগ্রামমুখী লেনের তুলনায় ঢাকামুখী লেনে গর্তের সংখ্যা বেশি দেখা গেছে।
ফৌজদারহাট এলাকায় ঢাকামুখী একটি ট্রাকের চালক আবদুস সামাদ প্রথম আলোকে বলেন, অল্প কিছু দিন আগেও রাস্তার অবস্থা এতটা খারাপ ছিল না। কিছু দিন ধরে বৃষ্টি হওয়ায় পানি জমে গর্তগুলো তৈরি হয়েছে।
সীতাকুণ্ডের লেগুনা চালক মো. জসিম বলেন, রাতে গাড়ি চালাতে তাঁদের অসুবিধা হয়। গর্ত ছোট অবস্থায় সংস্কার না করলে পরে গাড়ি চালানো আরও কষ্টকর হবে।
বারআউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাইয়ুম আলী সরদার প্রথম আলোকে বলেন, মহাসড়কে গর্তের সৃষ্টি হলে চালকদের গাড়ি চালাতে অসুবিধা হয়। দুর্ঘটনার আশঙ্কাও বাড়ে। আর যানজট তো বাড়েই। এসব ঝঞ্ঝাট সামাল দিতে অসুবিধায় পড়তে হয় হাইওয়ে পুলিশকে। মহাসড়কটি দ্রুত সংস্কার করা হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সওজ চট্টগ্রামের নির্বাহী প্রকৌশলী জুলফিকার আহমেদ বলেন, বৃহস্পতিবার বৃষ্টি না হওয়ায় কুমিরা থেকে বাড়বকুণ্ড পর্যন্ত অংশের সংস্কার শুরু হয়েছে। বৃষ্টি বন্ধ থাকলে পর্যায়ক্রমে সব গর্তগুলো পিচঢালাই করে দেওয়া হবে।
সিটি গেট থেকে কুমিরা পযর্ন্ত সওজের পক্ষে রাস্তা সংস্কারের দায়িত্বে আছে ঠিকাদারি প্রতিষ্ঠান তাহের ব্রাদার্স লিমিটেড। জানতে চাইলে প্রতিষ্ঠানটির উপপ্রকল্প ব্যবস্থাপক এফ আর ফেরদৌস প্রথম আলোকে বলেন, বৃষ্টির কারণে গর্তগুলো ভরাট করা যাচ্ছিল না। বৃহস্পতিবার বৃষ্টি তেমন না হওয়ায় চট্টগ্রাম নগরের সিটি গেইট থেকে তাঁরা সংস্কার কাজ শুরু করেন। চট্টগ্রামমুখী লেনের চেয়েও ঢাকামুখী লাইনে গর্তের সংখ্যা বেশি। প্রথম দিন এ লাইনে তাঁরা পাঁচ কিলোমিটারের মত সংস্কার করেছেন। ঢাকামুখী লেনের সংস্কার শেষে চট্টগ্রামমুখী লাইনের গর্তগুলো ভরাট করা হবে।