বর্ষার শুরুতেই ব্রহ্মপুত্রে ভাঙন, হুমকিতে বাঁধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রহ্মপুত্র নদের ভাঙনে বিলীন হয়ে যাচ্ছে কুড়িগ্রামের সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়ন। এ কারণে হুমকিতে পড়েছে তীররক্ষা বাঁধ। ছবিটি ২৪ জুলাই যাত্রাপুর হাট এলাকা থেকে তোলা ষ প্রথম আলো
ব্রহ্মপুত্র নদের ভাঙনে বিলীন হয়ে যাচ্ছে কুড়িগ্রামের সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়ন। এ কারণে হুমকিতে পড়েছে তীররক্ষা বাঁধ। ছবিটি ২৪ জুলাই যাত্রাপুর হাট এলাকা থেকে তোলা ষ প্রথম আলো

বর্ষাকালের শুরুতেই কুড়িগ্রামের সদর উপজেলার যাত্রাপুর ঘাট থেকে দক্ষিণে দুই কিলোমিটার জুড়ে ভাঙন দেখা দিয়েছে। ভাঙন অব্যাহত থাকায় ব্রহ্মপুত্র নদ তীররক্ষা বাঁধ হুমকির হুমকি মুখে পড়েছে। দ্রুত ব্যবস্থা না নিলে বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।
এলাকাবাসী বাঁধ রক্ষা ও ভাঙন রোধের দাবিতে জেলা প্রশাসকের কাছে সঞ্চারকলিপি দিয়েছেন। ১৯ জুন স্থানীয় সাংসদ জাফর আলী ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের (পাউবো) বিষয়টি জানালে বাঁশের পাইলিংয়ের কাজ শুরু করা হয়।
স্থানীয় নদীভাঙন প্রতিরোধ কমিটির সদস্য গৌতম চক্রবর্ত্তী জানান, বাঁশের পাইলিং কাজে লাগবে না। পাউবোর (উত্তর) কুড়িগ্রাম কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী এনায়েত উল্লাহ বলেন, ‘টেম্পোরারি কাজ এ রকম হয়। আমাদের কাছে স্থায়ী কাজ করার মতো টাকা নাই। বরাদ্দ আসলে অবশ্যই করব।’
এলাকাবাসী সূত্রে জানা গেছে, ভারতের আসাম ও পশ্চিমবঙ্গ রাজ্য থেকে দুধকুমার, সংকোশ নদী যাত্রাপুরে এসে ব্রহ্মপুত্রের সঙ্গে মিলিত হয়েছে। এই তিন নদনদীর মিলিত স্রোতে ভাঙন তীব্র আকার ধারণ করেছে। ইতিমধ্যে যাত্রাপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পুরোটাই বিলীন হয়ে গেছে। এখন ১ ও ২ নম্বর ওয়ার্ডে ভাঙন শুরু হয়েছে।

৪ নম্বর ওয়ার্ডের সদস্য এরশাদুল হক জানান, গত বছর ভাঙন শুরু হয়। এতে এ পর্যন্ত ৬০০ পরিবার বসতভিটা হারিয়েছে। ভাঙন অব্যাহত থাকায় ব্রহ্মপুত্র নদ এবার পাউবোর তীররক্ষা বাঁধে এসে ঠেকেছে। বাঁধের ওপর শতাধিক পরিবার বসবাস করে।

সরেজমিনে দেখা যায়, যাত্রাপুর ঘাট থেকে দক্ষিণে দুই কিলোমিটার এলাকা ভাঙছে। স্থানীয় লোকজন বসতঘর সরিয়ে নিচ্ছেন। ব্রহ্মপুত্র ধনুকের মতো বাঁকা হয়ে বাঁধে ঢুকে যাচ্ছে। এটি ভেঙে যাওয়া এখন সময়ের ব্যাপার মাত্র। ঠিকাদার গাছ ও বাঁশ কেটে ভাঙন রক্ষায় ব্যর্থ চেষ্টা করছে। হুমকির মুখে পড়েছে মসজিদ, মাদ্রাসা, বিদ্যালয়সহ অসংখ্য প্রতিষ্ঠান ও কয়েক হাজার একর জমি।

যাত্রাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল গফুর বলেন, ‘আমার নিজের বসতভিটা নদীতে বিলীন হয়ে গেছে। যেভাবে নদ ভাঙছে এতে বলদিপাড়া, গারুহারা, ফরাজীপাড়া বিলীন হতে সময় লাগবে না। ভাঙন ঠেকাতে ব্যবস্থা না নিলে যাত্রাপুর হাটের সঙ্গে গোবিন্দপুর, বকশিগঞ্জ, বেগমগঞ্জ, মোল্লারহাটের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়বে।’

ইউপি চেয়ারম্যান আরও জানান, গত ১৭ জুন ঢাকা গিয়ে কুড়িগ্রাম-২ আসনের সাংসদ জাফর আলী ও পানিসম্পদমন্ত্রীর সঙ্গে তিনি দেখা করেছেন। মন্ত্রী পাউবোর নির্বাহী প্রকৌশলীকে জরুরি ভিত্তিতে কাজ করার নির্দেশ দিয়েছেন।

এ প্রসঙ্গে এনায়েত উল্লাহ জানান, পানিসম্পদমন্ত্রীর নির্দেশে যাত্রাপুরে জরুরি ভিত্তিতে কাজ শুরু করা হয়েছে।